২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নতুন রাইড শেয়ারিং অ্যাপ ওকার

পরীক্ষামূলকভাবে ঢাকায় যাত্রা শুরু করতে যাচ্ছে রাইড শেয়ারিং কোম্পানি ওকার, যারা এক অ্যাপেই মোটরবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও অ্যাম্বুলেন্স সেবা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 08:22 PM

Updated : 08 Apr 2022, 04:46 PM

মঙ্গলবার বিকালে রাজধানীর জনতা টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এই রাইড শেয়ারিং অ্যাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ওকারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

তিনি জানান, আগামী বুধবার থেকে ঢাকায় পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করছে ওকার। আগামী তিন মাসের মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হবে এ সেবা। পর্যায়ক্রম দেশের ৬৪ জেলায় কার্যক্রম শুরু করতে চায় ওকার।

অ্যানড্রয়েড ও আইওএস- দুই প্ল্যাটফর্ম থেকেইওকার অ্যাপ ডাউনলোড করা যাবে। যাত্রীদের জন্য প্রথম পাঁচটি রাইডে থাকছে ১০০ টাকা ছাড় ও বিশেষ প্রোমো কোড। 

মাসুদ রানা দাবি করছেন, ওকার অ্যাপের মাধ্যমে একজন চালক মাসে ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা রোজগার করতে পারবেন।

প্রাইভেটকারের চালকরা  ‘জয়েনিং বোনাস’ হিসেবে ২ হাজার ৫০০ টাকা,  মাইক্রোবাসের চালকরা ৩ হাজার ৫০০ টাকা পাবেন। ট্রিপ প্রতি মোটরসাইকেল ও অটোরিকশা ড্রাইভাররা বোনাস পাবেন ১০০ টাকা, প্রাইভেটকার চালক পাবেন ৩০০ টাকা, মাইক্রোবাস চালকরা পাবেন ৫০০ টাকা।

অ্যাপে থাকবে ‘পুল’ অপশন। এর মাধ্যমে কোনো যাত্রী প্রাইভেটকার বা মাইক্রোবাসে চলার সময় ওকার নিবন্ধিত অন্য যাত্রীদের সঙ্গে রাইড শেয়ার করতে পারবেন।

মোটরসাইকেল রাইডের জন্য ‘বেইজ ফেয়ার’ হবে ৩০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া ১২ টাকা, ওয়েটিংয়ের জন্য প্রতি মিনিটে যাত্রীকে গুণতে হবে ১ টাকা করে।

প্রাইভেটকারের রাইডের জন্য ‘বেইজ ফেয়ার’ ৪০ টাকা, প্রতি কিলোমিটারে ভাড়া ১৮ টাকা। ওয়েটিংয়ের জন্য প্রতি মিনিটে দিতে হবে ২ টাকা করে।

মাইক্রোবাসে রাইডের জন্য ‘বেইজ ফেয়ার’ ৭০০ টাকা নির্ধারণ করেছে ওকার। ‘joinocar’ প্রোমো কোড ব্যবহার করে আগামী ১ অক্টোবর পর্যন্ত ওকার গ্রাহকরা পাঁচটি রাইডে ১০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। তাৎক্ষণিক রাইডের পাশাপাশি শিডিউল রাইডের সুবিধাও থাকছে।

মাসুদ রানা জানান, দেড় বছর আগে তারা মালয়েশিয়ায় এই রাইড শেয়ারিং অ্যাপ চালু করার কথা ভেবেছিলেন। কিন্তু পরিকল্পনায় পরিবর্তন আসায় তারা বাংলাদেশে ব্যবসা শুরুর পরিকল্পনা করেন।

‘ওকার’ অ্যাপে চলাচলের সময় দুর্ঘটনায় যাত্রী বা চালকের মৃত্যু হলে তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে। যাত্রী বা চালক আহত হলে পাবেন ৫০ হাজার টাকা।

চালকদের মানোন্নয়নে ওকার নিয়মিত প্রশিক্ষণ দেবে বলে জানান মাসুদ রানা। নিজস্ব কল সেন্টার চালু হলে চালকদের বিষয়ে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।