গ্রাহক বাড়লেও ‘লোকসানে’ রবি
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে আগের তিন মাসের চেয়ে মোবাইল ফোন অপারেটর রবির গ্রাহক সংখ্যা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ কোটি ৭৯ লাখে দাঁড়িয়েছে।
এসময়ে করপরবর্তী মুনাফা এক দশমিক ২ কোটি টাকা হলেও আন্তর্জাতিক হিসাব বিবরণী মান (আইএফআরএস) সিক্সটিন বাস্তবায়ন বিবেচনায় নিলে ক্ষুদ্র এ মুনাফা ৩২ কোটি ২০ লাখার লোকসানে পরিণত হয়েছে।
২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে রবি আজিয়াটা।
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মোট রাজস্বের উপর ন্যূনতম ২ শতাংশ কর, অন্যান্য প্রত্যক্ষ কর আরোপ ও প্রতিকূল টেলিযোগাযোগ নীতিমালার কারণে দ্বিতীয় প্রান্তিকে রবির আর্থিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত প্রান্তিকের তুলনায় রবির রাজস্ব ১ দশমিক ৬ শতাংশ বেড়ে একহাজার ৮৫৮ দশমিক ৭ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ১২ দশমিক ৪ শতাংশ বেশি।
দ্বিতীয় প্রান্তিকে গ্রাহক সংখ্যা ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৭৯ লাখে দাঁড়িয়েছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৬ শতাংশ।
২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত রবির মোট মূলধনী বিনিয়োগের পরিমাণ ২৩ হাজার ৭২০ কেটি টাকা। একই সময়ে রবি তার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে দিয়েছে মাত্র ২৯০ কোটি টাকা।
দ্বিতীয় প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে ৬৭৯ দশমিক ৭ কোটি টাকা জমা দিয়েছে, যা এ প্রান্তিকের মোট রাজস্বের ৩৫ দশমিক ৬ শতাংশ।
কার্যক্রম শুরুর পর থেকে এযাবত রবি রাষ্ট্রীয় কোষাগারে ২৫ হাজার ১৯০ কোটি টাকা জমা দিয়েছে রবি।
