২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া পণ্য উন্নয়ন নীতিমালা অনুমোদন

প্রণোদনার সুযোগ রেখে ‘চামড়া ও চামড়াজাতপণ্য উন্নয়ন নীতিমালা-২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 06:19 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

নীতিমালার মূল বিষয় উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “চামড়া শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। আমাদের টার্গেট ২০২৪ সাল নাগাদ এই খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, এটা যেন আমরা অর্জন করতে পারি। মোটামুটিভাবে বিনিয়োগবান্ধব একটা প্রস্তাবনা রাখা হয়েছে।”

এবার কাঁচা চামড়া নিয়ে সঙ্কটের প্রেক্ষাপটে চামড়া উন্নয়ন নীতিমালা মন্ত্রিসভার সায় পেল।

চামড়া শিল্পের উন্নয়নের জন্য অর্থায়ন ও প্রণোদনার বিষয়ে মন্ত্রিপরিষদ বলেন, “চামড়া শিল্পের উন্নয়নের জন্য প্রাথমিকভাবে গবেষণা, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবেশ রক্ষা, অধিকতর পরিচ্ছন্ন উৎপাদন এবং অবকাঠামো বিষয়ক প্রকল্প গ্রহণ করা সমীচীন। রপ্তানি বৃদ্ধিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির প্রক্রিয়া উন্নয়ন উন্নত করতে হবে।”

এ শিল্পে উন্নয়নে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সরবরাহকারী ও রপ্তানিকারকদের জন্য কিছু প্রণোদনার বিষয় আছে। জেনারেলি প্রণোদনার ১৭টি প্রস্তাব দেওয়া আছে। যেমন: সবুজ প্রযুক্তির জন্য বাংলাদেশ ব্যাংক হতে ঋণ আকর্ষণ করা এবং সেগুলো ফলপ্রুসু হবে ব্যবহার করা এবং খাতভিত্তিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করা।”

নীতিমালার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বাংলাদেশ ব্যাংক থেকে লোন পাওয়া যাবে। পরিবেশ সুরক্ষার জন্য একটি পুঁজি বাজার তৈরি করা এবং দেশি-বিদেশি মূলধন সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।

“পরিবেশগত কমপ্লায়েন্সকে উৎসাহ প্রদানের জন্য কমপ্লায়েন্স কার্যক্রম গ্রহণকারী চামড়া শিল্প ট্যানারিগুলোকে অগ্রাধিকারভিত্তিক প্রণোদণামূলক অর্থ প্রদান করা। উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠান যারা আরও পরিচ্ছন্ন উৎপাদনে আগ্রহী তাদের বিনিয়োগ প্রকল্পসমূহকে আর্থিক প্রণোদনা দেওয়া।’

Image
সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারিতে চামড়া (ফাইল ছবি)

সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারিতে চামড়া (ফাইল ছবি)

নীতিমালার উদ্দেশ্য নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্যখাতকে প্রতিযোগিতায় সক্ষমকরণ; আন্তর্জাতিক মান সম্পন্ন ও প্রতিযোগিতা সক্ষম পণ্য উৎপাদনে ব্যবসা বান্ধব ও টেকসই পরিবেশ নিশ্চিতকরণ; দক্ষ ও কার্যকর শিল্পায়নের জন্য উন্নত অবকাঠামো নিশ্চিতকরণ; নতুন নতুন উদ্ভান ও ব্যবসায়িক উদ্যোগ ও উদ্যম অনুশীলন করার বিষয়ে উৎসাহ প্রদান ও প্রতিপালনসহ নীতিমালায় নয়টি উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে।”

চামড়া শিল্পখাতের টেকসই ও পরিবেশ বান্ধব ব্যবস্থা পরিপালন, পরিচ্ছন্ন উৎপাদন নিশ্চিতকরণ, ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরির জন্য দুই ধরনের কমিটির কথা বলা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা সমন্বয়ক পরিষদে’ শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৪১ সদস্যের কমিটি এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন পরিষদে ২০ সদস্যের কমিটির প্রধান হবেন শিল্প সচিব।

দুই কমিটিতেই সরকারি ও বেসরকারি খাতের ব্যক্তিরা থাকবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।