২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণবিষয়ক অ্যাপ শেয়ার ট্রিপের যাত্রা শুরু

বিশ্বের বিভিন্ন দেশে ভাল ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে ভ্রমণবিষয়ক অ্যাপ শেয়ার ট্রিপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 09:08 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর সিয়াম্যাক ক্যামেলিয়া।

অনুষ্ঠানে বলা হয়, দেশের একদল মেধাবী তরুণের তৈরি শেয়ার ট্রিপে উন্নতমানের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ ও ওয়েবসাইটে ভ্রমণ বিষয়ক সব ধরণের সহযোগিতা পাওয়া যাবে। লোকাল ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে এই অ্যাপটি ব্যবহার করা যাবে।

বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশে ভ্রমণপিপাসুদের এখন আর আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপের উপর নির্ভর করতে হবে না। বিমানের টিকেট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, আনুমানিক খরচের তালিকা তৈরি, যাতায়াতের জন্য উপযুক্ত পরিবহনের ব্যবস্থা করা সবকিছু করে দেবে শেয়ার ট্রিপ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, আইসিটি বিভাগের স্টার্ট-আপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবীন, শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান এবং ডিরেক্টর তানভীর আলী।

শেয়ার ট্রিপ অ্যাপে ব্যবহারকারীরা কোন কিছু বুক করা বা তাদের বুকিংটি শেয়ার করার মাধ্যমেও ট্রিপ কয়েন জিতে নিতে পারেন। পরবর্তীতে এই ট্রিপ কয়েন তারা ফ্লাইট, হোটেল, হলিডে বুকিংসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

তানভীর আলী বলেন, “আমার বিশ্বাস আমাদের এই অ্যাপটি বিশ্বের অন্যান্য ভ্রমণ অ্যাপ যেমন- অ্যাগোডা, বুকিং ডট কম, ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বমানসম্পন্ন অ্যাপের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।”

একইসঙ্গে এই অ্যাপের মাধ্যমে নানা প্রান্তের মানুষ বিভিন্ন দেশের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন বরে জানান তিনি।  

কাশেফ রহমান বলেন, শেয়ার ট্রিপ ভ্রমণ বিষয়ক খুবই সহজ ও উপকারী একটি মোবাইল অ্যাপ। বাংলাদেশের ভ্রমণপিপাসু মানুষের জীবনকে ডিজিটালাইজ করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।