২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন-এটুআই প্রকল্পের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সারা দেশে ডিজিটাল এজেন্ট ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 06:32 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার ব্র্যাক ব্যাংক এবং এটুআই’র মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

চুক্তির আওতায় ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামীণ ও মফস্বল শহরের ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষগুলোর জন্য সত্যিকারের অনলাইন ব্যাংকিং সেবা সরবরাহ করবে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং।

প্রান্তিক ও বঞ্চিতদের জন্য ব্যাংকিং সেবা চালু করতে স্থানীয় সরকারের পল্লী ও নগর ডিজিটাল কেন্দ্রগুলো ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংকে সহযোগিতা করবে।

এটুআই অফিসে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান, ব্র্যাক ব্যাংকের টেকনোলজি বিভাগের প্রধান ওয়াসি নোমান, ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল) এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।