সিলেট শহরে হুয়াওয়ের ফেইস রিকগনিশন ক্যামেরা
দেশে প্রথমবারের মতো ফেস রিকগনিশন ও যানবাহনের নাম্বার প্লেট চিহ্নিতকরণ আইপি ক্যামেরা বসেছে সিলেট মহানগরীতে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় ১১০টি স্থানে বসছে এসব অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত আইপি ক্যামেরা।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অপরাধী অথবা কালো তালিকাভুক্ত যানবাহনের নাম্বার যদি আইপি ক্যামেরার আওতাভুক্ত কোনো এলাকায় ধরা পড়ে, তবে নিয়ন্ত্রণ কক্ষে অটোমেটিক সিগন্যাল বেজে উঠবে। এই ট্র্যাকিং সিস্টেমের সব সল্যুশন এবং ডিভাইস সরবরাহ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ।
পুলিশ চাইলে যে কোনো অপরাধীর ছবি অথবা গাড়ির নম্বর দিয়ে আইপি ক্যামেরার সার্ভারে অনুসন্ধান (সার্চ) করে দ্রুত অপরাধী শনাক্ত করতে পারবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধান তথ্য কমিশনার মুর্তুজা আহমেদ এবং সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
