স্বর্ণকর মেলা শুরু রোববার
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সঙ্গে মিলে রোববার প্রথমবারের মতো স্বর্ণকর মেলার আয়োজন করতে যাচ্ছে দেশের স্বর্ণ ব্যবসায়ীরা।
সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে।
একই দিনে বিভাগীয় শহরগুলোতেও দুই দিনব্যাপী স্বর্ণকর মেলা শুরু হবে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার উদ্বোধনী দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত থাকবেন।
এই মেলার মাধ্যমে নীতিমালা না থাকার কারণে হিসাবের বাইরে থাকা স্বর্ণ বৈধতার আওতায় আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, “করমেলার মাধ্যমে স্বর্ণ ব্যবসার স্বীকৃতি অর্জিত হবে। এই মেলার কারণে ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানির শিকার হবে না। বরং প্রতি ভরি স্বর্ণের জন্য এক হাজার টাকার বিনিময়ে স্বর্ণ বৈধতা অর্জন করবে।”
দেশের জুয়েলারি শিল্পের সঙ্গে ২৮ লাখ মানুষ জড়িত। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো নীতিমালা না থাকার কারণে স্বর্ণের বৈধতা ছিল না।
