২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে বড় সমস্যা দেখছেন না বাণিজ্যমন্ত্রী

রোজার আগে রাজধানীর খুচরা বাজারে চাল, ডাল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম বাড়ার কথা দোকানিরা বললেও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 10:41 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

রোজায় বাজার পরিস্থিতি নিয়ে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, “চাল, ডাল, তেল, ছোলা, চিনিসহ ৬টি পণ্যের দাম আমরা কন্ট্রোলে রেখেছি।

“গত সপ্তাহের চেয়ে কোনো পণ্যের দাম যদি এক-দুই টাকাও বাড়ে, তাহলে খুব মেজর চেঞ্জেস এসেছে বলা যাবে না। কোথাও কোথাও তো দেখা যাচ্ছে, আজকে যে বাজারমূল্য কাল তা কমেও যেতে পারে। আমি মেজর কোনো সমস্যা দেখছি না।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এই সভায় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিআইয়ের বিদায়ী সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক শফিউল ইসলাম লস্কর উপস্থিত ছিলেন।

ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালিয়েও কোনো ফল আসছে না বলে মন্তব্য করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর।

তিনি বলেন, “কত রেস্টুরেন্টে গিয়েছি। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। ধরুন আজকে কোনো রেস্টুরেন্টকে ৫ লক্ষ টাকা জরিমানা করে দিয়ে আসলাম, ১০ মাস পরে গিয়ে দেখা গেল, সেই রেস্টুরেন্টে সেই একই অবস্থা।”

তিনি বলেন, “জেল-জরিমানা করলে সমস্যার সমাধান হবে না। আমাদের এই সমস্যার মূলে যেতে হবে। আমাদের কর্তৃপক্ষের অভাব নাই। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে।”

তিনি নিরাপদ খাদ্য আইন সংশোধন করে তাতে ভেজালের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

তাকে সমর্থন জানিয়ে টিপু মুনশি বলেন, “ভেজাল খাওয়ানো মানুষ খুন করার মতো অপরাধ। ভেজাল করে যারা মানুষ মেরে ফেলছে তারাও বড় ধরনের খুনি।”

সভায় খুচরা ব্যবসায়ী ও পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দপ্তরে ভ্রাম্যমাণ দলগুলোর অভিযানের মধ্যে কোনো সমন্বয় না থাকায় তারা বেশ ভোগান্তিতে পড়েন।

রোজায় একই দিনে একই বাজারে একাধিক দলের অভিযান পরিচালনা যেন না হয়, সে দাবিও তুলেন তারা।

তাদের পক্ষ নিয়ে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “বাজারে অভিযান পরিচালনার সমন্বয় প্রয়োজন। এই রমজানে অভিযানের একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করে দেওয়াও প্রয়োজন।”

পরে তাদের দাবির প্রেক্ষিতে টিপু ‍মুনশি জানান, র‌্যাব, পুলিশ ও সিটি করপোরেশনের সমন্বয়ে তিনি বাজার পরিদর্শনের জন্য একটি সমন্বিত দল গঠন করে দেবেন।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুল হামিদ জানান, রোজায় বাজারে ডিএনসিসির ১৪টি বাজার মনিটরিং টিম কাজ করবে।

এদিকে সচিবালয়ে অ্যাটকোর নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আমাদের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। বাজারের দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। এবার রমজানে মানুষের উপর চাপ পড়বে না। রোজাকে সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে।”

ক্রেতারা উৎসবের সময় বেশি কেনায় চাহিদা বেড়ে যায় জানিয়ে টিপু মুনশি বলেন, “তারা সব একবারে একসাথে কিনতে চায়। ফলে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যায়। তাই রমজানে ক্রেতা-বিক্রেতা সবাইকে সংযমী হতে হবে।”

বাজারে শাক-সবজিসহ পিঁয়াজ ও চিনির দাম কিছুটা বেড়েছে স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, ছোলার দাম বাড়ার সুযোগ নেই। ছোলা যা দরকার, তার চেয়েও বেশি মজুদ রয়েছে।

আগামী বছরের জুনের মধ্যে কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড হবে বলেও জানান টিপু মুনশি।  

তিনি বলেন, “অ্যাটকোর সাথে চারটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হলো দেশীয় টেলিভিশনগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে যে সকল টেলিভিশন আগে সম্প্রচার হয়েছে তাদের আগে রেখে একটি সিরিয়াল ভিক্তিক একটি তালিকা করা। দ্বিতীয় হচ্ছে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করা।”