২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরবে শ্যামপুরে

পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ রাসায়নিক কারখানা ও গুদামগুলো দ্রুত শ্যামপুরের বিসিকে সরিয়ে নিতে প্রকল্প গ্রহণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 12:49 AM

Updated : 18 Aug 2022, 05:14 PM

এ জন্য ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক পণ্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প মঙ্গলবার একনেকে অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভার পর সাংবাদিকদের বলেন, “পুরান ঢাকার মানুষের জীবনের নিরাপত্তার সাথে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার জন্য এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।”

চকবাজারের চুড়িহাট্টায় দুই মাস আগে অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর উপর জোর দেয় সরকার। তার ধারাবাহিকতায় এই প্রকল্প অনুমোদন হল।

মন্ত্রী বলেন, পুরনো ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম জনিত দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে জন্য শ্যামপুর বিসিকের উজালা ম্যাচ ফ্যাক্টরির জমিতে অস্থায়ী গুদাম নির্মাণ করা হবে।

“প্রকল্পটির মাধ্যমে ৫৪টি গুদাম নির্মাণ করা হবে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন দাহ্য পদার্থ নিরাপদ উপায়ে সংরক্ষণ করা হবে।”

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে আগামী ২০২০ সালের জুন মাসের মধ্যে এ গুদাম তৈরি করবে বাংলাদেশ কেমিকেল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিক)।

সভায় “বিসিক কেমিক্যাল ইন্ডাষ্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ’ শীর্ষক চলমান প্রকল্পটির সংশোধন করা হয়েছে। প্রায় এক হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি ২০২২ সালের জুন মাসে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানের তুলশিখালী সেতু সংলগ্ন গোয়ালিয়া, চিত্রকোট ও কামারকান্দা মৌজার ৩১০ একর জমিতে বড় পরিসরে হচ্ছে নতুন কেমিকেল পল্লী।

এর আগে ঢাকার কেরানীগঞ্জে ৫০ একর জমিতে এই কেমিকেল পল্লী স্থাপনের পরিকল্পনা হয়েছিল।

মান্নান বলেন, “এ দুটি প্রকল্প অনুমোদন দেওয়ার সময় বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পুরান ঢাকায় কোনো কেমিকেল গুদাম থাকতে পারবে না। প্রধানমন্ত্রী পুরান ঢাকার ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে বিসিকের কেমিকেল পল্লীতে জমি বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন।”

মন্ত্রী বলেন, এই দুই প্রকল্পসহ একনেক সভায় মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ১১৬ কোটি টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে প্রায় ৪ হাজার ৫০৬ কোটি টাকা। আর দাতাদের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে পাঁচ হাজার ২২০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ৪৮৯ কোটি টাকা।

প্রকল্পগুলো

>> ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ’ প্রকল্প। ব্যয় ৩ হাজার ৯৭১ কোটি টাকা।

>> ‘চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ’ প্রকল্প। ব্যয় ২ হাজার ৪৭৯ কোটি টাকা।

>> ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্প। ব্যয় হবে প্রায় ১ হাজার ৭৪৮ কোটি টাকা।

>> ‘সমাজ কল্যাণ ভবন নির্মাণ’ প্রকল্প। ব্যয় ৭৪ কোটি ৪৮ লাখ টাকা।

>> ‘নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ ও এবং বুড়িতিস্তা নদী সংরক্ষণ’ প্রকল্প। ব্যয় ১৪৭ কোটি ৫৬ লাখ টাকা।