২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড পলিসি রিভিউ সভায় যোগ দিতে জেনেভায় বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বাংলাদেশের পঞ্চম ট্রেড পলিসি রিভিউ (টিপিআর) সভায় যোগ দিতে জেনেভা গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 10:35 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ১৬ জন প্রতিনিধি নিয়ে বাণিজ্যমন্ত্রী ঢাকা ত্যাগ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় ৩ থেকে ৫ এপ্রিল ডব্লিউটিও সচিবালয়ে এই সভা হবে।

সভায় বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি, আমদানি-রপ্তানির সার্বিক অগ্রগতি ও বিনিয়োগ প্রবাহ উর্দ্ধমূখী করার পরিবেশ সৃষ্টি, মুদ্রানীতিকে সহনীয় মাত্রায় রাখতে বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি নিয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, শিল্প মন্ত্রণালয়, এফবিসিসিআই এবং বিজিএমইএরর প্রতিনিধি রয়েছেন দলে।

রাজস্বনীতি খাতে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে আইনগত সংস্কারসহ কর ব্যবস্থাপনায় পরিকল্পিত কার্যক্রম খতিয়ে দেখা হবে। শিল্পায়নের জন্য জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী শিল্পনীতি প্রণয়ন, আন্তর্জাতিক পর্যায়ে শ্রম মান নির্ধারনের লক্ষ্যে শ্রম আইন ও ইপিজেড আইন, মেধাস্বত্ত্ব সংরক্ষণ ও সুশাসন  নিশ্চিতকরণ বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং বহুপাক্ষিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নসহ বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য। এর আগে ১৯৯২, ২০০০, ২০০৬ এবং ২০১২ সালে চার দফায় বাংলাদেশ ট্রেড পলিসি রিভিউ এ অংশ গ্রহণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব বাণিজ্যে অংশ বিবেচনা করে স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে প্রতি সাত বছর পর পর এবং অন্যান্য দেশের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর পর পর ট্রেড পলিসি রিভিউ করা হয়।

বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশের জন্য ট্রেড পলিসি রিভিউ করা বাধ্যতামূলক। কোন সদস্য দেশে বাণিজ্য সংক্রান্ত কর্মকান্ডে ডব্লিউটিও’র নিয়ম নীতির সঙ্গে কোন প্রকার অসংগতি থাকলে তাও মূল্যায়ন করা হয়। সদস্য দেশকে সুনির্দিষ্ট প্রশ্ন ও পরামর্শ দেওয়া হয়।

৯ এপ্রিল মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।