মালয়েশিয়া থেকে রেমিটেন্স আসবে ইউপেতে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডিজিটাল লেনদেন সেবা ইউপে’র মাধ্যমে মালয়েশিয়া থেকে এখন নিমিশেই রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা।
পরিবার-পরিজনের কাছে রেমিটেন্স পাঠাতে এখন আর তাদের কোন ব্যাংক বা এজেন্ট অফিসে যেতে হবে না। নিজের মোবইলে ইউপে’র ওয়ালেটের মাধ্যমে সরাসরি দেশে টাকা পাঠাতে পারবেন।
রোববার রাজধানীর গুলশানে ইউসিবি প্রধান কার্যালয়ে এই নতুন সেবার উদ্বোধন করা হয়।
মালয়েশিয়ার দুটি প্রতিষ্ঠান ইনসেনটিভ রেমিট (এম) এসডিএন বিএইচডি এবং ফেলডা মোবাইল মালয়েশিযার সহায়তায় এই সেবা চালু করেছে বাংলাদেশের সেরকারি ব্যাংক-ইউসিবি।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা ইউপে ওয়ালেটের মাধ্যমে সরাসরি দেশে তাদের পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠাতে পারবেন।
“এটি বাংলাদেশে প্রথম রিয়েল টাইম রেমিটেন্স সেবা। যেখানে সকল প্রকার নীতিমালা ও এএমএল নির্দেশনা পরিপালন করা হয়েছে।”
ইউপে’র পাশাপাশি রেমিটেন্স পাঠাতে ইউসিবির অন্যান্য চ্যানেল যেমন-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইউক্যাশ প্রভৃতিও ব্যবহার করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, মোহাম্মদ মামদুদুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল আলম ফেরদৌস, এন মুস্তাফা তারেক, আব্দুল্লাহ আল মামুন এবং ইনসেনটিভ রেমিট (এম) এসডিএন বিএইচডি এর ব্যবস্থাপনা পরিচালক মানিন্দর ভুল্লার বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে মার্ভেল কমিউনিকেশন এসডিএন বিএইচডি এর সিইও রাম কুমার, ফেলডা মোবাইল এসডিএন বিএইচডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এম সাব্বির চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেলডা মোবাইল মালয়েশিয়া সরকারের সংস্থা ফেলডা (ফেডেরেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি) এর একটি যৌথ উদ্যোগী প্রতিষ্ঠান।
২০১৭ সালের ১৭ অক্টোবর ডিজিটাল লেনদেন সেবা ইউপে চালু করে ইউসিবি। ইউপে’র মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ডিজিটাল লেনদেন সম্ভব হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে।
