এনজিও অ্যাডভাইজারের বিচারে আবারও ‘বিশ্বসেরা’ ব্র্যাক
জেনেভাভিত্তিক গণমাধ্যম সংস্থা এনজিও অ্যাডভাইজারের বিচারে আবারও ‘বিশ্বসেরা’ এনজিওর মর্যাদা পেয়েছে ব্র্যাক।
২০১১ সাল থেকে বিশ্বের সেরা ৫০০ এনজিওর তালিকা প্রকাশ করে এনজিও অ্যাডভাইজার।
ব্র্যাক জানিয়েছে, সংঘাত ও দুর্যোগপূর্ণ জায়গায় সাশ্রয়ী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য ব্র্যাক টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেল তারা।
এই র্যাংকিংয়ের বিবেচ্য বিষয় মূলত ৩টি; ইনোভেশন, ইমপ্যাক্ট এবং সাসটেইনেবিলিটি।
এই তালিকার জন্য আর্থিক উপাত্ত, মানবসম্পদ, প্রশাসন ও বিপণনের তথ্য-উপাত্ত মূল্যায়ন করা হয়। স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো অলাভজনক জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকেই বিবেচনা করে এনজিও অ্যাডভাইজার।
২০১৯ সালের তালিকায় ব্র্যাকের পরে ক্রমানুসারে রয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস, ডেনিশ রিফিউজি কাউন্সিল, ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং মার্সি কোর।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা বলেন, “এই মর্যাদা বিশ্বজুড়ে ব্র্যাক পরিবারের সকল সদস্যের অর্জন। আমাদের মূল শক্তি হচ্ছে তারা, যাদের নিয়ে আমরা ৪৭ বছর ধরে কাজ করছি। সেইসঙ্গে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদের সহযোগী, এই অর্জন তাদেরও। ”
বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় বাস্তবায়িত ব্র্যাকের কর্মসূচি ও উদ্যোগগুলোর ‘সাফল্যে’ এই স্বীকৃতি এসেছে বলে দাবি করছে ব্র্যাক।
স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বমূলক কার্যক্রম ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ব্র্যাকের ভূমিকাও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানায় ব্র্যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বজুড়ে দাতা গোষ্ঠীগুলোর সংকোচন নীতি সত্ত্বেও ব্র্যাক যে নিজস্ব আর্থিক মডেলের বিস্তার ঘটিয়েছে, সে বিষয়টিও বিবেচনা করা হয়েছে।”
