বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল ফেয়ার ইলেকট্রনিক্স
বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ফেয়ার গ্রুপের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিনের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ঢাকার শেরে বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় সঠিকভাবে ভ্যাট পরিশোধ করায় সেরা ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ফেয়ার ইলেকট্রনিক্সকে এই সম্মাননা দেয়া হয়।
ফেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “এনবিআরের এই সম্মাননায় আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। যা আমাদের উত্তরোত্তর উন্নতির জন্য অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য এবং রাজস্ব বোর্ডের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন।
বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
