২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা অভিমুখে ‘যেন মানুষের স্রোত’

নাগরিক কর্মব্যস্ততার মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে দিনভর লোকারণ্য ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 12:40 AM

Updated : 10 Oct 2022, 08:53 PM

শুক্রবার মেলায় দর্শণার্থীদের পদচারণার পাশাপাশি ভিড়ের কারণে যানজটেরও সৃষ্টি হয়েছিল মেলার আশপাশের সড়কে।

যানজটের কারণে অনেক দর্শণার্থীকে হেঁটে মেলায় যেতে দেখা যায়। বিকাল ৪টায় নাবিস্কো থেকে রওনা হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় মেলায় প্রবেশ করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরুম আরা।

যানজট আর মানুষের উপচেপড়া ভিড়ের কথা তুলে ধরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো রাস্তায় ছিল যানজট। রাস্তার ওপারেই গাড়ি থেকে নামতে হয়েছে, আর সম্মেলন কেন্দ্রের সামনে থেকে যেন মানুষের স্রোত। শুক্রবার ছুটির দিন হওয়ায় এসেছি, মেলায় ঢোকার পর স্টলগুলোতে যাচ্ছি, তবে টিকেট নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়েছে।”

মেলার টিকেট বিক্রেতা মিতুও সন্ধ্যায় জানান, গত শুক্রবারের তুলনায় এদিন বেশি দর্শনার্থী দেখেছেন তিনি।

“আজকে তো মানুষ আসছেই। দুপুরের পর থেকে ফুরসত পাইনি একটুও, অনেক টিকেট বিক্রি হচ্ছে।”

এদিকে মেলার বাইরে ভিডের মধ্যে দর্শনার্থীদের কাছে বাড়তি দামে টিকেট বিক্রি করতে দেখা গেছে। ভিড় এড়িয়ে সহজে মেলায় প্রবেশের কথা বলে টিকেট বিক্রি করেন তারা।

‘ভিআইপি’ লেখা এসব টিকেট বিক্রি করা হয় টিকেটের মূল্যের চেয়ে ২০ টাকা বাড়িয়ে ৫০ টাকায়। অনেকেই টিকেটের লাইনে না দাঁড়িয়ে তাদের কাছ থেকেই কিনে নেন।

এদিকে দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন স্টল সহজে খুঁজে পেতে মেলায় বসানো হয়েছে মুটি ‘এক্সপেরিয়েন্স সেন্টার'।

অনেক দর্শনার্থী এখানে আসেন বিভিন্ন তথ্যের জন্য, তথ্য নিয়ে খুঁজে নেন স্টলগুলো।

এক্সপেরিয়েন্স সেন্টারের মাহমুদুল হাসানও বলেন দর্শনার্থীদের ভিড়ের কথা।

“গত শুক্রবারের চেয়ে আজ বেশি মানুষ এসেছে। তারা তথ্য চাচ্ছেন, তথ্য নিয়ে তারা উপকৃত হচ্ছেন, সহজেই তাদের গন্তব্য খুঁজে পাচ্ছেন।”

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন অনেকেই। মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে গিয়ে কেউ বিভিন্ন জিনিস কেনেন, কেউ আবার দেখেন, কেউবা বন্ধুদের সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করেন।

মেলায় এসে তারা যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনি অভিযোগও করছেন অনেকে।

পুরান ঢাকার ওয়ারি থেকে ভাইবোনকে নিয়ে মেলায় আসেন ইফাদ। মেলার বিভিন্ন অফার আর ডিসকাউন্টের প্রসঙ্গে তিনি বলেন, “অনেকগুলো কোম্পানি ভালো ভালো অফার দিচ্ছে, এর মধ্যে অনেকেই আবার ঠকিয়ে দিচ্ছে ক্রেতাদের। একটি কিনলে একটি ফ্রি এমন লেখা দেখে একটি স্টলে গেলাম। দেখলাম, সব প্রসাধন পণ্যে একটি সাথে আরেকটি ফ্রি।”

তিনি জানান, ১৩৫ গ্রামের ডাভ সাবান বিক্রি করা হচ্ছে ১৮০ টাকায়, যেটায় একটির সাথে আরেকটি ফ্রি দেওয়া হচ্ছে। একটি ১৩৫ গ্রামের ডাভ সাবানের দাম তো ৯৮টাকা, এখানে সেটা ১৮০ টাকায় বিক্রি করে আরেকটি ফ্রি দিয়ে প্ররোচিত করা হচ্ছে ক্রেতাদের।

বিভিন্ন স্টলে বাড়তি দাম নেওয়ার কথা তুলে ধরে এসব বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিন বিক্রি বেশি হওয়ার কথা জানান অনেক বিক্রেতা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিক্রয়কর্মী মিষ্টি আহমেদ খান বলেন, আশানুরূপ বিক্রি হয়েছে তাদের।

“আসলে ছুটির দিন তো অনেক কাস্টমার আসে। শুক্র-শনিবার বেশি বিক্রি হয়, আমরাও এ দিনটার জন্য অপেক্ষা করে থাকি। ভালো বিক্রি হয়েছে।”

প্লাস্টিকের সামগ্রী, পোশাক, মশলাজাতীয় পণ্য ও নিত্য ব্যবহার্য সামগ্রীর পাশাপাশি আসবাব ও ইলেকট্রনিক সামগ্রীর দোকানগুলোতেও ছিল ক্রেতা সমাগম।

কাঠের আসবাবের ব্র্যান্ড হাতিল মেলা উপলক্ষে নতুন ডিজাইনের তিনটি খাট ও তিন সেট সোফা এনেছে মেলায়, এর পাশাপাশি অনেক ডিজাইনের আসবাব ডিসপ্লে করে রাখা হয়েছে স্টলটিতে।

হাতিলের জুনিয়র অফিসার তৌহিদুল ইসলাম বলেন, “অর্ডার পাচ্ছি, মোটামুটি বিক্রি হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।”

বিভিন্ন ব্লেজারের দোকানগুলো মেলা উপলক্ষে ছাড়ে পোশাক বিক্রি করছে। তবে শীত তেমন না থাকায় তাদের বিক্রিতে ভাটার কথা জানালেন ‘দ্য সেভিল’-এর বিক্রয়কর্মী সাইমুল রহমান বাদল।

তিনি বলেন, “এখন তো শীত শেষ। অফার দিয়েও তেমন বিক্রি করতে পারছি না।  মানুষ দেখছে, তবে কেনে কম।”

বিভিন্ন ব্লেজারে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়ার কথা জানান তিনি।

এদিকে মেলায় বসার পর্যাপ্ত জায়গা না থাকা, টয়লেট সমস্যা, বিভিন্ন খাবারের বাড়তি দামের অভিযোগ অনেক ক্রেতার।

খিলখেত থেকে আসা ব্যবসায়ী রহমত উল্লাহ বলেন, “মেলায় বিদেশি পণ্যের নামে লোকাল সব পণ্য বিক্রি করছে গলাকাটা দামে, আবার অফারে বিভিন্ন পোশাক দেখা যাচ্ছে রিজেক্টেড, কোনোটায় সেলাই ফেঁসে গেছে, আবার কোনোটায় ছিদ্র। এসব তো ঠিক না।

“যে যা বিক্রি করতে পারছে না, মেলায় নিয়ে এসে বিক্রির চেষ্টা চলছে।”

মেলায় ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের সেবা ‘নগদ’ দর্শণার্থীদের বিনামূল্যে সেবা দিচ্ছে। সেখানে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে খুব অল্প সময়ে।

নগদের ব্র্যান্ড প্রোমোটার মিরাজ হোসেন বলেন, “অন্যান্য দিন তো দর্শনার্থীদের ডেকে ডেকে জানাতে হয় নগদ সম্পর্কে। আর আজ এমনিতেই আসছেন তারা, অ্যাকাউন্ট খুলছেন আবার এর সেবাগুলো সম্পর্কে জানছেন।”

এদিন ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ স্টলেও ছিল অনেক ভিড়। আলোকচিত্রের মাধ্যমে ঐতিহাসিক নানা তথ্য তুলে ধরা হয়েছে এখানে।