বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াতে চায় ফিলিপিন্স
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপিন্স।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মনুশির সঙ্গে সাক্ষাত করে ঢাকায় নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিসেনট ভিভেনসিও টি বান্ডিলো এই আগ্রহের কথা জানান বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে ফিলিপিন্সে প্রায় সাত মিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানি হচ্ছে। তবে দেশটি বাংলাদেশ থেকে আরও ওষুধ কিনতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। ওষুধ রপ্তানিতে বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তাই ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, অ্যাগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহের কথা জানান ফিলিপিন্সের রাষ্ট্রদূত বান্ডিলো।
বাংলাদেশ ফিলিপিন্সে ওষুধ ছাড়াও পোশাক শিল্পের কিছু এক্সেসরিজ ও অন্যান্য পণ্য রপ্তানি করে। ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ সেখানে ৪৭দশমিক শূন্য ৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে আমদানি করেছে ৮ দশমিক শূন্য ৭ মিলিয়ন ডলার সমমূল্যের পণ্য।
