ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন রোববার শেষ হয়েছে।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান সম্মেলনের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম। বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক অধ্যাপক কাজী শহিদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ এবং কামরুল হাসান।
আরও বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সামাদ এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
অনুষ্ঠানে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান এবং ৩৪২ টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন।
সম্মেলনে জানানো হয় ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯২ কোটি টাকা; যা গত বছরের তুলনায় ৬ হাজার ৭ শত ৯০ কোটি টাকা বেশি।
একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৩৭ কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ।
২০১৮ সালে ইসলামী ব্যাংক আমদানি, রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৩৯ হাজার ৯৮২ কোটি, ২৫ হাজার ১৫৯ কোটি এবং ২৭ হাজার ৫২১ কোটি টাকা।
চেয়ারম্যান নাজমুল হাসান ২০১৮ সালে ব্যাংকের ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে ব্যাংকের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে অভ্যন্তরীণ গবেষনা ও প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ নেতৃত্বকে আরও বেশি সুযোগ দেয়ার আহবান জানান তিনি।
২০১৮ সালে ইসলামী ব্যাংক ৩০৫ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
