ব্র্যাক ব্যাংক ও বিকাশের ফান্ড ট্রান্সফার চুক্তি
ব্র্যাক ব্যাংক এবং বিকাশ লিমিটেডের মধ্যে ফান্ড ট্রান্সফার সুবিধা প্রদান বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এই চুক্তি ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে এবং বিকাশের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের যেকোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
এ সুবিধা নিতে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন অল্টারনেট ব্যাংকিং চ্যানেল (যেমন- ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ) ব্যবহার করবেন। বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বিকাশের গ্রাহকরা বিকাশ অ্যাপ বা ইউএসএসডি চ্যানেল ব্যবহার করবেন।
ব্র্যাক ব্যাংক এবং বিকাশের গ্রাহকরা শিগগিরই এই নতুন ফান্ড ট্রান্সফার সার্ভিসের সুবিধা পাবেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সোমবার রাজধানীর গুলশানে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং বিকাশের হেড অব এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট জাফরুল হাসান, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, হেড অব লিগ্যাল এম মাজেদুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) ফয়সাল শাহেদ এ সময় উপস্থিত ছিলেন।
