বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাছের
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন আবু ফরাহ মো. নাছের।
এতোদিন তিনি মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশনা মোতাবেক তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নাছের ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করেন। ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির তত্বাবধানে পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন।
পরে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
নাছের বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরী অথোরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
