ওয়ালটনের পরিবেশবন্ধব ফ্রিজে ইউএনডিপির সহায়তা
ফ্রিজে (রেফ্রিজারেটর) জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী এইচএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ওয়ালটন।সেজন্য ফ্রিজ ও কম্প্রেসারে এইচএফসি ফেজ আউট প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রকল্পের আওতায় ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ফ্রিজ এবং এর কম্প্রেসারে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হবে বলে ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের উন্নয়ন সংস্থা- ইউএনডিপি।
শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে ইউএনডিপি ও ওয়ালটনের মধ্যে ‘এইচএফসি ফেজ আউট প্রজেক্ট’ নামের এই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়
প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ হবে এক বছর।
বিশ্বে এইচএফসি গ্যাস ফেজ আউটে এই প্রকল্পেই প্রথম সহায়তা করছে ইউএনডিপি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি চুক্তিতে স্বাক্ষর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম, ইউএনডিপি বাংলাদেশের সহকারি আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম ও শায়লা খান, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ মামুনুর রশীদ এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশরাফুল আলম বলেন, পরিবেশ সুরক্ষার প্রতি আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আর তাই পরিবেশের জন্য ক্ষতিকারক এক গ্রাম কেমিক্যালও ওয়ালটন ব্যবহার করে না।
“আমাদের টার্গেট- বাংলাদেশী ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের মর্যাদায় নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যে পরিবশেবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, এসিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করছি আমরা।”
