প্রার্থী হতে চান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ আগরওয়ালা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ আগরওয়ালা।
চুয়াডাঙ্গা- ১ আসন থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন তিনি।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ব্যবসায়ী এই নেতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থকরা।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ আগরওয়ালা ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক।
তিনি আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য।বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি দিলীপ একইসঙ্গে দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। চুয়াডাঙ্গার গণমানুষের অনুরোধ এবং দলীয় হাইকমান্ডের গ্রীন সিগনালেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন।
“ জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে চুয়াডাঙ্গা -১ থেকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন দেন তবে আমি চমক সৃষ্টি করে এই আসনটি নেত্রীকে উপহার দেব।।”
“আমি চুয়াডাঙ্গা বাসীর পাশে থাকতে চাই শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত।শুধু সুখের সময়ে নয় দুঃখের সময়েও।”
