২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ফোরজি সেবায় ৫০ লাখ গ্রাহক

ফোরজি সেবায় ৫০ লাখ গ্রাহক নিয়ে নতুন মাইলফলকে পৌঁছাল গ্রাহক সংখ্যার বিচারে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 07:44 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

বুধবার গ্রামীণেফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরজি ডিভাইসের উচ্চমূল্য ও ইকোসিস্টেমে এসব ডিভাইসের অভাব থাকার পরও এই সাফল্য কোম্পানির জন্য একটি বড় অর্জন।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফোরজি চালু হওয়ার পর দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণে মনোযোগী হয় অপারেটরগুলো।

আট মাসের মাথায় ৫০ লাখ ফোরজি গ্রাহক পাওয়াকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন গ্রামীণফোনের উপ প্রধান নির্বাহী ও সিএমও ইয়াসির আজমান।

তিনি বলেন, ”আমাদের নেটওয়ার্ক ও সেবার উপর গ্রাহকদের আস্থা দেখে আমরা সম্মানিত বোধ করছি। আমরা সব সময় সেবার উচ্চমান বজায় রাখতে এবং গ্রাহকদের সেরাটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

”এই বিষয়ে আমাদের প্রচেষ্টা লক্ষ করে বিশ্বখ্যাত ইন্টারনেট সংযোগ, গতি পরীক্ষা ও গতি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ওকলা আমাদেরকে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে।"

গ্রামীণফোনই এ দেশে প্রথম মোবাইল ইন্টারনেট চালু করে এবং তা সারা দেশে ছড়িয়ে দিয়ে মানুষকে তথ্যের জগতে প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে জানান তিনি।

গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল জীবনযাত্রা উৎসাহিত করতে বাংলাদেশে একটি ডিজিটাল ইকো সিস্টেম গড়ে তোলার লক্ষ্যেও বিনিয়োগ করছে তারা।

ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইসের দাম কমানো, নিজে ডিজিটাল সেবা চালু করা এবং নতুন নতুন সেবা চালু করতে বিভিন্ন স্টার্টআপকে সমর্থনে তারা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

বর্তমানে তিন কোটি ৬০ লাখের বেশি গ্রাহক নিয়ে দেশের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা গ্রামীণফোন।

ইয়াসির আজমান বলেন, ”ফোরজি নেটওয়ার্ক বিস্তারের সময় গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে আমরা সংখ্যার থেকে মানের উপর বেশি গুরুত্ব আরোপ করেছি।

“গ্রামীণফোন প্রতিশ্রুত মান বজায় রেখে ক্রমান্বয়ে সারা দেশে ফোরজি সেবা বিস্তার করে চলেছে।”  

সিম ফোরজি উপযোগী কি না, তা *১২১*৩২৩২#  ডায়াল করে জানা যাবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

তারা বলেছে, সিম ফোরজি উপযোগী না হলে নিকটস্থ সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করা যাবে।

সিম ফোরজিতে রূপান্তর করলে গ্রাহক বিনামূল্যে সাত দিন মেয়াদি পাঁচ জিবি ইন্টারনেট পাবেন।