মানি লন্ডারিং প্রতিরোধ আইন মেনে চলতে পরামর্শ বিকাশের
ব্যবসা পরিচালনায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন মেনে চলতে পরিবেশকদের আহবান জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
সম্প্রতি রাজধানীর র্যাডিসন হোটেলে বিকাশের ‘ডিস্ট্রিবিউটর মিট ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ আহবান জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাদেশ থেকে বিকাশের ২০৮ জন পরিবেশক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাধারণ মানুষের কাছে বিকাশের সেবা পৌঁছে দিতে পরিবেশকদের অবদানের কথা উল্লেখ করে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “মানুষের জীবনমান উন্নয়নে সহজ,সুলভ এবং নিরাপদ আর্থিক লেনদেন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিকাশ। পরিবেশক এবং বিকাশের যৌথ প্রয়াসে আমরা আগামী দিনে আরো উদ্ভাবনী সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেব।”
অনুষ্ঠানে বিকাশ এজেন্টদের জন্য ‘বিকাশ এজেন্ট অ্যাপ’এর উদ্বোধন করা হয়।
