২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কোষাগারে সাধারণ বীমার ৪০ কোটি টাকা

সরকারি কোষাগারে ২০১৭ সালের লভ্যাংশের ৪০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সচিবালয়ে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা লভ্যাংশের চেক তুলে দেন।

সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্যদের চেয়ারম্যান শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, ২০১৭ সালে তাদের নিট লাভ করেছে ৩০১ কোটি ৭৩ লাখ টাকা। আর ২০১৮ সালে নিট লাভ ৪০০ কোটির কাছাকাছি হবে।

“আমরা টোটাল ম্যানেজমেন্টটা এমনভাবে করছি যেন দেশের অর্থনীতিতে, জিডিপিতে ইনসুরেন্স শিল্প আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে।”

লভ্যাংশের চেক গ্রহণ করে অর্থমন্ত্রী বলেন, “আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠান ডিভিডেন্ট দেয়। তারা যখন ডিভিডেন্ট দেয় তখন আমি এ রকম সভা করি।

“উদ্দেশ্যটা হচ্ছে এটা বোঝানো যে সরকারি প্রতিষ্ঠান, সরকার সাধারণত ব্যবসা করে না, তবে কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ব্যবসা থাকাটা ভালো, এটা সে রকম একটা ব্যবসা যেখানে সরকারের থাকা উচিত, আমরা যথেষ্ট লাভও করি।”

মুহিত বলেন, “ওই যে বলে সরকার ঠিক ব্যবসা করতে পারে না, এটা ঠিক নয়। এমন কিছু আছে যেখানে সরকারকে ব্যবসা করতে হয় এবং সরকারও সাফল্য দেখাতে পারে।”

দিন দিন বীমা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাড়তে থাকবে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য যত বাড়তে থাকবে বীমার প্রয়োজন ততই বাড়বে।

ব্যবসা ‘সুন্দরভাবে পরিচালানা করায়’ সাধারণ বীমার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মুহিত বলেন, বীমা আদায় করেন না বলে যে অভিযোগ ছিল এখন তা অনেক কমে গেছে।

“আমাদের সরকার শুধু যে উন্নয়ন করে সেটা ঠিক নয়, অন্যান্য যেসব সুযোগ-সুবিধা আছে সেগুলো যাতে উন্নত হতে পারে তার চেষ্টাও করে, এটাই শেখ হাসিনার সরকার।”

অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, সাধারণ বীমার ব্যবসা সম্প্রসারণ হলেও অনেক বিষয় এখনও বীমার আওতার বাইরে রয়ে গেছে, ভবিষ্যতে সেগুলোকে আনা হবে।

সরকারের কোষাগারে ৪০ কোটি টাকা জমা দেওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সচিব বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, যাতে বীমার পরিধি আরও বাড়ানো যায়।

সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদের সদস্যরা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।