২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আড়ং

দেশীয় ফ্যাশনব্র্যান্ড আড়ংয়ের ৪০ বছর পূর্তিতে কারুশিল্পীদের সম্মাননা জানিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে  তিন দিনের উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 09:49 PM

Updated : 11 Oct 2022, 12:42 PM

এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প এবং ফ্যাশনকে তুলে ধরতে চায় আড়ং।

বৃহস্পতিবার বিকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে নিয়ে ৪০টি পায়রা আকাশে উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন,  “দেশের উন্নয়নের অগ্রগতিতে মহিলাদের ভূমিকা অতুলনীয়। মহিলাদের কর্মসংস্থান তৈরিতে আড়ং উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”

সংস্কৃতিমন্ত্রী বলেন, “নিজেকে স্বাবলম্বী করতে অনেক যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধে সহায়তা করছে আড়ং। দেশের শিল্প ঐতিহ্য ধরে রাখায়ও আড়ংয়ের অবদান রয়েছে।”

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ বলেন,  “স্বাধীনতা অর্জনের পর পর দারিদ্র্য দূর করার লক্ষ্যেই আড়ংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিলো। প্রতিষ্ঠানটি শুধু ক্রেতার সামাজিক দায়বদ্ধতার দিকে চেয়ে নেই, পণ্যের মানের কারণে আড়ং ক্রেতার মন জয় করেছে।”

পেশাদারি দৃষ্টিকোণ থেকে দরিদ্র প্রস্তুতকারকদের স্বার্থকেই বড় করে দেখেছে আড়ং, বলেন আবেদ।

“হারানো ঐতিহ্য ধরে রেখে তাকে বাণিজ্যিক রূপ দিয়েছি আমরা।”

ব্র্যাক এন্টারপ্রাইজেসের সিনিয়র ডিরেক্টর তামারা আবেদ বলেন, “বাংলাদেশ ও আড়ং একই সাথে বেড়ে উঠেছে। আজ দেশে ৬৫ হাজার কর্মসংস্থান তৈরি করেছে আড়ং।”

তিনি বলেন,  “আড়ংয়ের ৪০ বছরের যাত্রা ও বাংলাদেশের ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে।”

সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কারুশিল্পী ও উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করে আড়ং।

উৎসবে দর্শকেরা ১১টি লাইভ কারুশিল্প প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে পাঁচটি কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।

দর্শনার্থীদের জন্য থাকছে বেশ কয়েকটি খাবারের স্টল, বাচ্চাদের জন্য আলাদা জায়গা এবং পার্টনার প্রতিষ্ঠানের স্টলে বিশেষ সুবিধায় কেনাকাটার ব্যবস্থা।

উৎসব চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।  দর্শনার্থীদের জন্য উৎসব খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা  পর্যন্ত।