ব্র্যাক ব্যাংকের কার্ডে পরিশোধ করা যাবে চা ব্যবসার ‘লাইসেন্স ফি’
এখন থেকে ব্র্যাক ব্যাংকের ডেবিট, ক্রেডিট বা এমএক্স কার্ডের মাধ্যমে অনলাইনে চা ব্যবসার লাইসেন্স ফি পরিশোধ করা যাবে।
বুধবার বাংলাদেশ চা বোর্ডের পেমেন্ট গেটওয়ে সিস্টেমে যুক্ত হতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ব্র্যাক ব্যাংক।
চট্টগ্রামে বাংলাদেশ চা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ডের পক্ষে সচিব মোহাম্মদ নূরুল্লাহ নূরী এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে হেড অব রিটেইল ব্যাংকিং নাজমুর রহিম চুক্তিতে সই করেন।
চা বোর্ডের সকল সেবা পর্যায়ক্রমে অনলাইনের আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানান বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোর্ডের উপপরিচালক (বাণিজ্য) মদহুল কবীর চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাসার সিদ্দিকী, জনসংযোগ ও শ্রমকল্যাণ কর্মকর্তা রাজিবুল হাসান ও বিপণন কর্মকর্তা আহসান হাবিব এবং ব্র্যাক ব্যাংকের হেড অব ডিজিটাল ব্যাংকিং এন্ড ই-কমার্স সিরাজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সহজে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের জন্য অনলাইন চা লাইসেন্সিং সিস্টেম চালু করে চা বোর্ড।
এর আগে অনলাইন পেমেন্ট সিস্টেমে গ্রাহকরা সরাসরি চা বোর্ডের ব্যাংক একাউন্টে ফি প্রদান এবং মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও রকেটের মাধ্যমে ফি দিতে পারতেন।
