শিল্পখাতে অবদানের জন্যও সিআইপি তানভীর
গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা পেয়েছেন এনভয় গ্রুপ ও শেলটেক লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ।
২০১৬ সালে শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে সম্মানে ভূষিত করেছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তানভীর আহমেদের হাতে সিআইপি কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহৎ শিল্পখাতের (উৎপাদন) মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি মর্যাদা পেয়েছেন তিনি।
শিল্প মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫ ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে সিআইপি সম্মানে ভূষিত করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে ৮ জন পদাধিকার বলে, ২০ জন বৃহৎ শিল্প (উৎপাদন), ৫ জন বৃহৎ শিল্প (সেবা), ১২ জন মাঝারি শিল্প (উৎপাদন), ৩ জন মাঝারি শিল্প (সেবা) ছাড়াও, মাঝারি শিল্প (সেবা), ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্পে ১ জনকে সিআইপি পরিচয়পত্র দেওয়া হয়।
সিআইপিরা সচিবালয়ে প্রবেশ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ, বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
২০১৫ সালে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যবসায়ী-শিল্পপতির সঙ্গে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ) সম্মানে ভূষিত হয়েছিলেন তানভীর।
৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছ থেকে তিনি ওই সিআইপি কার্ড গ্রহন করেছিলেন।
তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ টেক্সটাইল, সিরামিকস, আবাসন, হোটেলসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি সফল ব্যবসায়ী বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদের ছেলে।
