আসিয়ানের সভায় যোগ দিতে ভিয়েতনামে তোফায়েল আহমেদ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন আসিয়ান’ এ যোগ দিতে ভিয়েতনাম গেছেন।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সভায় যোগ দিচ্ছেন তোফায়েল আহমেদ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ভিয়েতনামের যৌথ আয়োজনে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় আসিয়ানের সদস্য দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন করপোরেশন এবং শিক্ষাবিদরা যোগ দেবেন।
সভায় আসিয়ান অঞ্চলে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ এর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এছাড়া নীতিনির্ধারণ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলোও স্থান পাবে। আঞ্চলিক ও বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও আলোচনা হবে।
পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রীসহ সভায় যোগ দিতে আসা বিভিন্ন দেশের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
