২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ সিসির মোটরসাইকেল রপ্তানিতে যাচ্ছে রানার

পাঁচশ সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেলের পার্টস আমদানির অনুমোদন পাওয়ায় রপ্তানির বাজার বাড়ার সুযোগ তৈরি হয়েছে রানার অটোমোবাইলসের সামনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 09:39 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

বুধবার রানারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে তারা ১৬৫ থেকে ৫০০ সিসি ক্ষমতার মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি করতে পারবে।

সেই যন্ত্রাংশ ব্যবহার করে আগামী ডিসেম্বরে তারা উচ্চ সিসির মোটরসাইকেল উৎপাদন শুরু করবে এবং ২০১৯ সালে শুরু হবে রপ্তানি।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এখন আমরা হাই এন্ড মোটরসাইকেলের বাজারে প্রবেশ করব। আর এর মধ্যে দিয়ে মেইড ইন বাংলাদেশ খ্যাত রানার মোটরসাইকেল ছড়িয়ে পড়বে এশিয়া, আফ্রিকা ও মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে।”

প্রতি বছর দুই কোটি ইউনিট উচ্চ সিসির সোটরসাইকেলের বাজার ধরতে রানার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে ভালুকায় আমাদের কারখানায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। বাজার গবেষণা, উদ্ভাবন ও মান নিয়ন্ত্রণের কাজ চলছে।”