২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় যাত্রা শুরু করল ক্যানন ইমেজ স্কয়ার

রাজধানীতে যাত্রা শুরু করল ক্যাননের ফ্ল্যাগশিপ শো-রুম ক্যানন ইমেজ স্কয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 08:51 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে এই শো রুমের উদ্বোধন করেন।

ক্যাননের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শো-রুম হবে ঢাকায় ক্যানন পণ্যের ‘পরিপূর্ণ’ ডিসপ্লে সেন্টার।

ক্যাননের সিঙ্গাপুর ইমেজ কমিউনিকেশন বিভাগের পরিচালক অ্যালেক্স চ্যান এবং বাংলাদেশে ক্যানন ব্র্যান্ডের একমাত্র পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

মোস্তাফা জব্বার বলেন, “দেশ যেভাবে ডিজিটাল যুগে প্রবেশ করছে, ক্যানন ইমেজ স্কয়ারের যাত্রা তার ধারাবাহিকতা মাত্র।”

এই শো রুম বাংলাদেশে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

অ্যালেক্স চ্যান বলেন, “এই শো-রুমের পরিপূর্ণ ব্যবহার করে এদেশের মানুষ ক্যাননের সর্বাধুনিক পণ্যসমাগ্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবে।”

আব্দুল্লাহ এইচ কাফী জানান, ক্যানন ইমেজ স্কয়ারে সব ধরনের ক্যানন পণ্য, বিশেষ করে ডিএসএলআর ক্যামেরা, লেন্স এবং এক্সেসরিস প্রদর্শন করা হবে। ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলে প্রিন্ট করারও সুবিধা থাকবে।

এই শো-রুম সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের আরও শো-রুম প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।