২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রার নির্বাচন প্রভাবিত করার অভিযোগ

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার নির্বাচনকে ‘সরকারের নাম ব্যবহার করে’ প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 09:55 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন শতাধিক জনশক্তি রপ্তানিকারক।

আগামী ১৮ সেপ্টেম্বর বায়রার নির্বাচনের দিন নির্ধারিত রয়েছে। নির্বাচনে অংশ নিতে সংবাদ সম্মেলন থেকে ‘সম্মিলিত সমন্বয় ফ্রন্ট’ ব্যানারে একটি প্যানেলের ঘোষণাও দেওয়া হয়।

ফ্রন্টের প্যানেল প্রধান সফিকুল আলম ফিরোজ বলেন, “কয়েক বছর ধরে সমস্ত নিয়ম-নীতি ভেঙে সিন্ডিকেটের মাধ্যমে বায়রাকে দখল করে রাখা হয়েছে। মালয়েশিয়ায় যে ১০টি ট্রাভেল এজেন্ট একচেটিয়া সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাত, তারা এমনটি করছেন।”

এই চেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বায়রার বর্তমান সভাপতি বেনজীর আহমেদকে সভাপতি করতে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে বলে ফিরোজ অভিযোগ করেন।

গত ১৪ অগাস্ট গুলশানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে একটি বৈঠকের কথাও বলেন তিনি।

ফিরোজ বলেন, “তারা সরকারের কথা বললেও আমরা বিশ্বাস করি না, সরকার এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন।”

বিষয়টি নিয়ে কথা বলতে সালমান এফ রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেনজীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো নির্বাচনেই যে কোনো সমঝোতা হতে পারে। তারই অংশ হিসেবে একদিন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আমাদের অনেকের বৈঠক হয়েছিল।”

তবে ওই বৈঠককে নির্বাচন প্রভাবিত করার কোনো উদ্যোগ হিসেবে মানতে নারাজ বেনজীর।

তিনি বলেন, আগামীতে আবার বায়রার সভাপতি নির্বাচিত হলে চীন, রাশিয়া, মলদোভাসহ কয়েকটি দেশে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কুয়েত, কাতার, ইরাক, জাপানসহ বিভিন্ন দেশে আরও বেশি লোক পাঠানোর চেষ্টা করবেন।