ফোটনের যানবাহন বাজারজাত করবে এসিআই মটরস
চীনের জনপ্রিয় বাণিজ্যিক যান উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোটন মটর গ্রুপের তৈরি যানবাহন বাংলাদেশের বাজারে নিয়ে এলো এসিআই মটরস।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআইয়ের প্রধান কার্যালয়ে ফোটন মটর গ্রুপের সঙ্গে একটি ডিলারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।
এসিআই মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী ও ফোটন মটর গ্রুপের দক্ষিণ এশীয় অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ফোটনের পিক আপ, ডাবল কেবিন পিক আপ, স্কুল ভ্যান, ডাম্প ট্রাক, ট্রানজিট মিক্সার, বাল্ক সিমেন্ট ক্যারিয়ার, ফায়ার সার্ভিস এবং ক্লিনিং ভেহিক্যাল, হেভি ক্রেইনসহ অন্যান্য বাণিজ্যিক যান যুক্ত হল এসিআইয়ের মটরসের সংগ্রহে।
নতুন এই সংযোজন দেশের বাণিজ্যিক যানের ছয় হাজার কোটি টাকার বাজারে তিন থেকে চার বছরের মধ্যে ১০ শতাংশ মার্কেট শেয়ার এনে দেবে বলে আশাবাদ প্রকাশ করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
চুক্তিটিকে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানের সাথে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন হিসেবে অভিহিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
তিনি বলেন, “এই চুক্তির মধ্য দিয়ে ‘বেস্টের’ সাথে বিশ্বের ‘বিগেস্টের’ সম্পর্ক স্থাপন হল। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের বাণিজ্যিক যানবাহন খাতে টেকনোলজিকাল সল্যুশন প্রয়োজন, যা ফোটন মটরস আমাদের দেবে।
“এই চুক্তি বাংলাদেশ সরকারের নীতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে দিয়ে আশা রাখি বাংলাদেশ যান অ্যাসেমবল থেকে সরে এসে উৎপাদন করার সক্ষমতা অর্জন করবে।”
এসিআইকে ফোটন মটরসের একটি ‘প্রোডাকশন হাব’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে ফোটন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট চ্যাং রুই বলেন, “বাংলাদেশের বাজার বেশ সম্ভাবনাময়, সেই সাথে এখানকার শ্রমের মজুরিও কম। সেই কারণেই ফোটন বাংলাদেশে আসতে আগ্রহী হয়ে উঠছে, দেশে যান উৎপাদনের লক্ষ্যে ২০১৯ সালের মধ্যে ফোটন কারখানা স্থাপন করতে যাচ্ছে, যাতে দেশীয় শ্রমিকরাই কাজ করার সুযোগ পাবেন।”
সেই সাথে ভবিষ্যতে এসিআইয়ের সাথে যৌথ উদ্যোগে ‘প্রোডাকশন হাব’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
চ্যাং রুই জানান, বাণিজ্যিক যান রপ্তানিতে শুধু চীনেই নয়, বিশ্ব বাজারে ফোটন মটরস সেরা, বর্তমানে বিশ্বের ১১০টির বেশি দেশে যান রপ্তানি করে আসছে তারা।
দেশের ব্যবসায়ী ও কৃষকদের সহজে ও দ্রুত সময়ে মানসম্মত পণ্য পরিবহন সেবা দিতেই এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানান এসিআই মটরস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী।
