মুরগির দাম কমেছে
কোরবানির ঈদের মধ্যে চাহিদা কমে যাওয়ায় রাজধানীর বাজারে মুরগির দাম কমেছে।
ঈদ সামনে রেখে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষদের অনেকেই এখনো না ফেরায় ঢাকার বাজারগুলো জমে ওঠেনি।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
কারওয়ানবাজারে ফার্মের মুরগি ১২০ থেকে ১২৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। ঈদের আগে ফার্মের মুরগি ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
কারওয়ানবাজারের দোকানি রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরবানির ঈদের পর ফার্মের মুরগির চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে।”
চাল, ডাল ও সবজির দামে হেরফের না হলেও পাইকারির তুলনায় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম অনেক বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতাদের অনেকে।
কারওয়ার পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৬০-৭০ টাকায়, যেখানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে; আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮-৮০ টাকায়।
একাধিক বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম অনেকটা আগের মতোই রয়েছে।
ভালো মানের টমেটো কেজি প্রতি ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে কারওয়ানবাজারে; ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিচিঙ্গা। ঝিঙে ও ধুন্দল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০-৪৫ টাকায়, পটল বিক্রি হচ্ছে ৪০-৪৫০ টাকায়; একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স।
পেঁপে বিক্রি হয়েছে কেজিপ্রতি ২০-২৫ টাকা, কাঁকরোল ৩৫-৪০ টাকা এবং বরবটি ৩৫-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
