২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় চামড়া পাচার ঠেকাবে বিজিবি

কোরবানির পশুর চামড়া ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতে পাচার ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 01:11 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিবছরই জেলার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকায় দালাল-ফড়িয়ারা তৎপর হয়।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বলেন, চামড়া পাচারের আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

“সীমান্তে সব সময়ই সতর্ক অবস্থানে থাকে বিজিবি। চামড়া যেন ভারতে পাচার না হয় সে জন্য ঈদের আগে থেকেই সীমান্তে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী এক সপ্তাহ এ সতর্কতা অবলম্বন করা হবে।”

এছাড়া নিরাপদভাবে চামড়া কেনাবেচা ও ব্যবস্থাপনার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, জেলা শহরে বড় কোনো চামড়া ব্যবসায়ী নেই। বেশির ভাগ চামড়া ভৈরবের ব্যবসায়ীরা এসে নিয়ে যান। এখানে ছোট-খাটো যারা রয়েছেন তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। শহরের মধ্যে বোর্ডি মাঠ ও নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামের বাইরে চামড়া ব্যবসায়ীদের বসার অনুমতি দেওয়া হয়েছে।

যত্রযত্র চামড়ার হাট না বসানোর ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কোনো চামড়া কুমিল্লার দিকে গেলে বৈধ কাগজপত্র দেখাতে হবে।

এ জেলায় এ বছর ১৪ হাজার ৩৭৫টি খামারে ১ লাখ ৪ হাজারের বেশি গরু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গণেশচন্দ্র মণ্ডল।