২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপর্যয় ব্যবস্থাপনায় ব্র্যাকে বিনিয়োগ ওসিরিস গ্রুপের

উন্নয়ন, দারিদ্র্য এবং মানবিক বিপর্যয় ব্যবস্থাপনায় ব্র্যাকের সঙ্গে কাজ শুরু করেছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওসিরিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 11:15 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন, অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিক অন্তর্ভূক্তি, খাদ্য ও কৃষি, স্বাস্থ্যসেবা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে ওসিরিস গ্রুপ ব্র্যাকের মাধ্যমে বিনিয়োগ করবে।

বিশ্বের নানা দেশে বিকাশমান বাজারগুলোতে বিনিয়োগের পর ওসিরিস এখন বাংলাদেশের বাজারেও নজর রেখেছে। এই প্রতিষ্ঠানের বিনিয়োগের ধরন ‘ইমপ্যাক্ট ইনভেস্টিং’ নামে পরিচিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  “এ ধরনের বিনিয়োগের লক্ষ্য কেবল আর্থিক মুনাফা নয়, বরং সামাজিক ক্ষেত্রেও শক্তিশালী ও ইতিবাচক পরিবর্তন আনা।”

এই ধারণার উপর ভিত্তি করে  ২০১৭ সালে ওসিরিস সারা বিশ্বে ২২৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

ওসিরিস গ্রুপের প্রতিষ্ঠাতা তানভীর গণি বলেন, “আমরা বিনিয়োগকারীদের মধ্যে একটা ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি। তারা ক্রমশ সেইসব খাতে আগ্রহী হচ্ছেন, যেখানে বিনিয়োগের ফলে মানুষের জীবনে সত্যিকারের উন্নয়ন ঘটে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে, এদেশে বিনিয়োগের এমন অনেক সুযোগ তৈরি হচ্ছে যার মাধ্যমে মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সেবা পেতে পারে।”

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, “বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অর্জন ও জ্ঞান ভাগ করে নেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছি আমরা। আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজটি আরও জোরদার হবে।”

ব্র্যাকের ঊর্ধ্বতম পরিচালক আসিফ সালেহ বলেন, “বিশ্ব এখন অনুদানভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে বাজারভিত্তিক দৃষ্টিভঙ্গির দিকে অগ্রসর হচ্ছে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন মডেল বিকশিত হচ্ছে যা প্রচলিত উন্নয়ন মডেল থেকে পুরোপুরি ভিন্ন।

“আজকের পৃথিবীতে উন্নয়ন, সামাজিক ব্যবসা উদ্যোগ, বেসরকারি খাতের মধ্যে পার্থক্য ক্রমশ কমে আসছে। এই পরিস্থিতিতে আমরা যেসব দেশে কাজ করছি, তার সবগুলোতেই ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের গুরুত্ব বাড়ছে।”