২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন দু’টি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 08:09 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

‘সিম্ফনি জি১০০’ এবং ‘মাইক্রোম্যাক্স বি৫ প্রো’ স্মার্টফোন দুটি রোববার সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার আমিনুল হাসান গ্রামীণফোন ও তার সহযোগীদের সূলভে ৪জি হ্যান্ডসেট চালু করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশের সাধারণ মানুষের কাছে ফোর-জি পৌঁছে দিতে এটি খুব গুরুত্বপূর্ণ।”

গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, “আজ দুটি ফোর-জি স্মার্টফোন চালু করে শক্তিশালী ফোরজি ইকোসিস্টেম তৈরিতে আমরা একধাপ এগিয়ে গেলাম। আমাদের দ্রুততম নেটওয়ার্ক এবং অপ্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কের সাথে মিলে এই ডিভাইসগুলো গ্রাহকদের ডিজিটাল জগতের পুরো সুবিধা উপভোগে সাহায্য করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেন, সিম্ফনির সিনিয়র ডিরেক্টর মো. মাকসুদুর রহমান এবং মাইক্রোম্যাক্স ইন্টারন্যাশনাল বিজনেস হেড সমীর কাকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘সিম্ফনি জি১০০’ ফোনটিতে রয়েছে ১৮ দশমিক ৯ ফুল ভিশন ডিসপ্লে, এক দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম, ২ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১ গো এডিশন অপারেটিং সিস্টেম। ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোর-জি এ স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৯৯৯ টাকা।

‘ম্যাইক্রোম্যাক্স বি৫ প্রো’ ফোনটি ৫ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে ব্যবহারকারীদের জন্য হেভি-ডিউটি পারফরমেন্স নিশ্চিত করবে।

স্মার্টফোনটিতে রয়েছে ইন্টেলিজেন্ট ফেস আনলক,  ১ দশমিক ৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম এবং অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা।

গ্রামীণফোন জানায়, দু’টি ফোনের সাথেই বিনামূল্যে থাকছে সাত দিন মেয়াদের ৪ জিবি ইন্টারনেট।

এছাড়াও ২৯ টাকায় ৫০ মিনিট জিপি-জিপি টকটাইম কেনার ক্ষেত্রে গ্রাহকরা বিনামূল্যে আরও ২ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

অফারটি ৬ মাসে সর্বোচ্চ ১২ বার নেওয়া যাবে এবং ডেটা ও ভয়েস ব্যবহারের মেয়াদ থাকবে ৭ দিন।