২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২২৯ শিক্ষার্থী পেলেন মার্কেন্টাইল ব্যাংকের শিক্ষাবৃত্তি

ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থী পেয়েছেন ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 09:36 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

২০১৭ সালে ঢাকা বিভাগ থেকে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করা নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেওয়া হয় শনিবার এক অনুষ্ঠানে।

রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন অটিস্টিক ও প্রতিবন্ধী, ৫০ জন জেএসসি, ৩৩ জন এসএসসি, ৬৭ জন এইচএসসি এবং ৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোটার শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সান এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহমুদ ওসমান ইমাম, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন, মো. রহমত উল্লাহ এবং শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক এম এ খান বেলাল।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হল।

মার্কেন্টাইল ব্যাংক এ বছর সর্বমোট ১২০০ ছাত্র-ছাত্রীকে এক কোটি সত্তর লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে বলেও জানান তিনি।