২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে দীর্ঘমেয়াদি লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য: রুশনারা

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক দূত রুশনারা আলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 08:37 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

সেক্ষেত্রে বাংলাদেশে ব্যবসার ভালো পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করায় গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

রুশনারা আলী বলেন, “ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সফল হওয়ার মত নানা উপাদান আছে। কিছু চ্যালেঞ্জও আছে।

“আমাদের যেমন বড় চ্যালেঞ্জ ব্রেক্সিট। এখানে তেমনি ব্যবসার জন্য ভালো পরিবেশ ও সুশাসন নিশ্চিত করা। ব্যবসার ভালো পরিবেশ উচ্চ বিনিয়োগ নিশ্চিত করবে।”

তিনি বলেন, যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশের জ্বালানি ও রেল খাতে বিনিয়োগে আগ্রহী।

বাংলাদেশের বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোতে বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে রুশনারা আলী বলেন, “অনেক ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী এক্ষেত্রে আগ্রহী। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনকে এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।

“ইপিজেডগুলোতে কি কি সুবিধা দেওয়া হচ্ছে তা যেন সেখানকার ব্যবসায়ীরা জানতে পারে। পাশাপাশি সরকারের উচিত বাণিজ্য সম্মেলনগুলোতে এসব সুযোগের কথা তুলে ধরা।”

ব্যবসা-বাণিজ্যে চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “চট্টগ্রাম বাংলাদেশ এবং এই অঞ্চলের হৃদস্পন্দন। চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা খুবই উজ্জ্বল। যোগাযোগ এবং ব্যবসার অসাধারণ এক ক্ষেত্র চট্টগ্রাম।”

চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে যুক্তরাজ্য আগ্রহী কি না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এমন প্রশ্নে রুশনারা বলেন, “যুক্তরাজ্য টেকনোলজি সিটি কনসেপ্ট নিয়ে কাজ করেছে। এরকম কয়েকটি বিজনেস হাব সেখানে গড়ে উঠেছে। সেখানে স্টার্ট-আপ, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা, অলটারনেটিভ ইন্টিলিজেন্সের মতো নানা খাতের প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এ খাতের প্রবৃদ্ধি খুবই বেশি।”

তিনি বলেন, “ভারতের যেমন ব্যাঙ্গালোর আছে, আমাদের আছে ক্যামব্রিজ। বাংলাদেশের তেমনি হতে পারে চট্টগ্রাম।

“যুক্তরাজ্য এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা যদি এ বিষয়ে একসাথে কাজ করতে চায় তাহলে আমরা তা উৎসাহিত করব। ইউরোপভিত্তিক অনেক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে কাজ শুরু করতে চায়। তারাও আগ্রহী হবে। চট্টগ্রামের খুব ভালো সুযোগ রয়েছে।”

এক প্রশ্নে রুশনারা জানান, বাংলাদেশে বর্তমানে যুক্তরাজ্যের ৬৭টি প্রতিষ্ঠানসহ মোট আড়াইশ যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।

“বাংলাদেশের বিমানবন্দর সম্প্রসারণ, এনার্জি, ক্লিন এনার্জি, আইটি ও শিক্ষা, সেবা এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের মত খাতে নতুন করে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা আগ্রহী।”

আলোচনায় অংশ নেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বোর, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের ডিরেক্টর বেনজামিন কান্টমোর, ডেপুটি ডিরেক্টর খালিদ গাফফার, ব্যবস্থাপক আবির বড়ুয়া এবং প্রেস অফিসার নারায়ণ দেবনাথ।