ডিমের দাম বাড়তি
বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর বাড়তে শুরু করেছে ডিমের দাম।
ফার্মের ডিমের দাম গত এক দুই সপ্তাহে ডজনে ১৫ টাকা বেড়েছে বলে কারওয়ান বাজারের ডিম বিক্রেতা আব্দুল গফুর জানান।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির ডিম ৩০-৩২ টাকা হালি, দেশি মুরগির ডিম ৪০-৪৪ টাকা এবং হাঁসের ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দুই সপ্তাহ আগেও ফার্মের মুরগির ডিম ২৫-২৬ টাকা, দেশি মুরগির ডিম ৩৩-৩৫ টাকা এবং হাঁসের ডিম ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছিল।
সাধারণত ঈদের মওসুমে ডিমের চাহিদা কম থাকে। জুনের মাঝামাঝি রোজার ঈদের পর থেকে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ডিমের দামও বাড়তে থাকে।
খুচরা বিক্রেতারা বলছেন, দিন পনের আগেও তারা প্রতি শ’ ফার্মের ডিম ৫৫০ টাকায় কিনেছেন। কিন্ত এখন কিনতে লাগছে প্রায় ৭০০ টাকা।
দাম বাড়ছে কেন জানতে চাইলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে ডিমের দাম ভয়াবহ রকম খারাপ ছিল। দাম না পেয়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। চাহিদার বিপরীতে উৎপাদন বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃ্ষ্টি হয়েছিল। এখন ডিমের দাম বাড়ছে না; বরং স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।”
বাজারে দেশি পেঁয়াজ ও ক্রস পেঁয়াজের (ভারতের বীজ থেকে দেশে উৎপাদিত) দাম স্থিতিশীল থাকলেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম খুচরা বাজারে কেজিতে অন্তত ৮ টাকা করে বেড়েছে। তবে আমদানি করা রসুনের দাম আরও খানিকটা কমেছে।
মিরপুর বড়বাগের মুদি দোকান মিম অ্যান্ড প্রান্তিকার ব্যবস্থাপক নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের পর ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২৮ টাকা। অর্থাৎ দুই সপ্তাহে কেজিতে বেড়েছে ৮ টাকা।
অন্যদিকে আমদানি করা রসুনের দাম কেজিতে ১৫ টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুনও একই দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে এটাই রসুনের সর্বনিম্ন দাম।
খুচরায় আলুর দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে তিন টাকা বেড়ে ২৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান নাজমুল হাসান। আর কারওয়ান বাজারে এক পাল্লা (পাঁচ কেজি) আলু বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সেই হিসাবে দাম পড়ছে প্রতি কেজি ২২ টাকা।
নাজমুল জানান, বাজেটে চালের আমদানির ওপর ২৮ শতাংশ শূল্ক ঘোষণার পর ভারতীয় মিনিকেট চালের দাম বস্তায় (৫০ কেজি) দেড়শ টাকা বেড়েছে। এখন বিক্রি হচ্ছে ২৫৫০ টাকায়।
“ভারতীয় গুটি স্বর্ণার দাম একশ টাকা বেড়ে কেনা দাম পড়ছে ২১শ টাকা। পরিবহন খরচ যোগ করার পর বিক্রি করতে হচ্ছে ২২শ টাকায়।”
দেশীয় মিলগুলোর মধ্যে রশিদ রাইচ, মোজাম্মেলন রাইচ ও খান রাইচ এজেন্সির মিনিকেট চাল পাইকারি বাজারে প্রতি বস্তা ২৬শ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় বিক্রি হচ্ছে ২৬৫০ টাকা থেকে ২৭শ টাকায়। দেশীয় পাইজাম খুচরায় বিক্রি হচ্ছে ২২শ টাকায়।
কারওয়ান বাজারে জনতা রাইস এজেন্সিতে মিনিকেট মানভেদে ৫০ থেকে ৫৬ টাকা, বিআর আটাশ ৪২ থেকে ৪৪ টাকা, পাইজাম ৪১-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ দোকানের পরিচালক মো. আবু ওসমান বলেন, “শূল্ক বসানোর খবর প্রকাশ হওয়ার পর স্থলবন্দরগুলোতে চাল আমদানি থেমে গিয়েছিল। তখন থেকেই আমদানি করা চালের দাম বাড়তে থাকে। তবে গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল।”
ঈদের আগে গত ৮ জুন মিরপুর-১ নম্বরের পাইকারি বাজারে ভারতীয় স্বর্ণার বস্তা দুই হাজার টাকা, দেশি স্বর্ণা দুই হাজার টাকা, দেশি মিনিকেট ২৬শ টাকা থেকে ২৭শ টাকা, বিআর আটাশ ২৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
