চালের শুল্ক: ধর্মঘটে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
শুল্ক জটিলতায় আটকে থাকা চাল খালাসের দাবিতে ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের ধর্মঘটে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলিতে ইনডিয়ান এক্সপোর্টোর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিঠুন চক্রবর্তী বলেন, এ বন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রেখেছেন চালক ও সহকারীরা।
বন্যার কারণে গত বছর চাল আমদানিতে শুল্ক প্রায় তুলে দেওয়া হলেও সঙ্কট কাটিয়ে ওঠার পর ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে চাল আমদানির উপর আবারও ২৮ শতাংশ শুল্ক আরোপ করে সরকার।
বাজেট ঘোষণার আগে আমদানি করা সাড়ে সাত হাজার মেট্রিকটন চাল নিয়ে ২১৯টি ভারতীয় ট্রাক হিলি স্থল বন্দরে আসে। কিন্ত আমদানিকারকেরা চাল খালাস না করায় সেগুলো প্রায় এক মাস ধরে সেখানে আটকা পড়ে আছে।
আমদানিকারকদের দাবি, যেহেতু এসব চাল বাজেটের আগে বাংলাদেশে প্রবেশ করেছে, সেহেতু পূর্বঘোষিত শুল্কে তা ছাড় দিতে হবে।
মিঠুন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাল খালাস বন্ধ থাকায় ট্রাক চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ কারণে তারা আন্দোলনে নেমেছে।”
হিলি স্থলবন্দর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা ৯ হাজার মেট্রিকটন চাল শুল্ক জটিলতার কারণে ট্রাকেই আটকে থাকে।
পুঁজি হারানোর ভয়ে কিছু ব্যবসায়ী ২৮ শতাংশ শুল্ক দিয়ে ১ হাজার ৪০০ মেট্রিকটন চাল খালাস করলেও বাকি ৭ হাজার ৮০০ মেট্রিকটন চাল এখনও আটকা পড়ে আছে।
তিনি বলেন, “বাজেট ঘোষণার আগে যেহেতু এসব চাল বাংলাদেশে প্রবেশ করেছে সেহেতু এসব চাল বাজেটপূর্ব ঘোষিত ২ শতাংশ শুল্কে ছাড় করতে হবে।”
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার রিজভি আহমেদ জানান, স্বাভাবিক সময়ে চাল, গম, ভুষি ও ফলসহ বিভিন্ন পণ্য নিয়ে প্রতিদিন ১৫০ -১৭০টি ট্রাক ভারত থেকে হিলি স্থলবন্দরে আসে।
তবে শুল্ক জটিলতা ও ধর্মঘট নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
