২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পোশাক রপ্তানি

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 08:50 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে দুই হাজার ৮১৩ কোটি (২৮.১৩ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ।

এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ৩ দশমিক ২৪ শতাংশ।

মূলত তৈরি পোশাকের উপর ভর করেই রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। অর্থবছর শেষে এই খাতের রপ্তানি ৩০ বিলিয়ন (৩ হাজার কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন রপ্তানিকারকরা।

বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে চীন। দেশ দুটির রপ্তানি ব্যবধান ১১৬ বিলিয়ন মার্কিন ডলার।

তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসায় বাংলাদেশের রপ্তানি আয়ে তার ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আগামী দিনগুলোতে রপ্তানি আয় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

অর্থমন্ত্রী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৭ সালে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া তরান্বিত হয়েছে। বিশেষ করে আমাদের রপ্তানি বাণিজ্যের মূল গন্তব্য তথা যুক্তরাষ্ট্র ও ইউরো অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়ায় রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।

“আশার কথা হল, উদীয়মান ও উন্নত অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি যেহেতু ঘুরে দাঁড়িয়েছে সেহেতু সামনের দিনগুলোতে আমাদের রপ্তানি খাত আরও গতিশীল হবে।”

এছাড়া টাকার বিপরীতে ডলারের দরবৃদ্ধি রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে অবদান রাখছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে টাকার বিপরীতে ডলারের দর বেড়েছে ৪ শতাংশের বেশি। ছয় মাসে বেড়েছে ৩ শতাংশ।

অর্থবছরের শেষ মাসেও (জুন) রপ্তানি আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি ফারুক হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানাগুলোর উন্নয়নে মালিকরা অনেক টাকা বিনিয়োগ করেছেন। কষ্টও করেছেন। ৮০ শতাংশের বেশি কারখানা উন্নত কর্মপরিবেশের (কমপ্লায়েন্স) আওতায় চলে এসেছে। এতে বায়াররাও খুশি।

“যার ইতিবাচক ফল আমরা পাচ্ছি। সামগ্রিক রপ্তানিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও পোশাক রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। এবার পোশাক রপ্তানি ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।”

ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাবের ঝুঁকি দেখছেন কি না- এ প্রশ্নের উত্তরে ফারুক হাসান বলেন, “না, তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা ইতোমধ্যে বায়ারদের বুঝিয়েছি যে, গত কয়েক বছর ধরে বাংলাদেশে যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তা আগামীতেও অব্যাহত থাকবে। তাতে তারা আশ্বস্ত হয়েছেন। আগের মতোই পোশাকের অর্ডার দিচ্ছেন।”

গত বছরের সেপ্টেম্বর মাসে বড় ধসের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রতি মাসেই বেড়েছে রপ্তানি আয়।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ৩৭৩ কোটি (৩৩.৭৩ বিলিয়ন) ডলার আয় করেছে।

এই অংক গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪৪ শতাংশ কম। এই ১১ মাসে লক্ষ্যমাত্রা ধরা ছিল তিন হাজার ৩৮৭ কোটি ৭০ লাখ (৩৩.৮৭ বিলিয়ন) ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে তিন হাজার ১৬২ কোটি ২৮ লাখ (৩১.৬২ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৯ শতাংশ, অগাস্টে রপ্তানি আয় বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। এই দুই মাসে (জুলাই-অগাস্ট) রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ১৪ শতাংশ; লক্ষ্যমাত্রার চেয়ে আয় বাড়ে ৮ শতাংশের বেশি। সেপ্টেম্বর শেষে সেই প্রবৃদ্ধি ৭ শতাংশে নেমে আসে, লক্ষ্যমাত্রাও হোঁচট খায়।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মে সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে দুই হাজার ৮১৩ কোটি (২৮.১৩ বিলিয়ন) ডলারের যে আয় হয়েছে তার ৮৩ দশমিক ৪ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।

এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে এক হাজার ৩৯৪ কোটি ডলার এবং উভেন পোশাক রপ্তানিতে এক হাজার ৪১৯ কোটি ডলার আয় হয়েছে।

এই ১১ মাসে নিট খাতে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। আর উভেনে বেড়েছে ৮ দশমিক ১৫ শতাংশ।

অন্যান্য খাতে রপ্তানি

জুলাই-মে সময়ে হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় বেড়েছে ২ দশমিক ৩২ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি ১৮ দশমিক ১০ শতাংশ বাড়লেও চা রপ্তানি কমেছে ৪ শতাংশের বেশি। শাকসব্জি রপ্তানি কমেছে ৭ দশমিক ৩৭ শতাংশ।

অন্য কৃষি পণ্যের মধ্যে তামাক রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৩২ শতাংশ। শুকনো খাদ্য রপ্তানি বেড়েছে ৭৯ শতাংশ।

পাট ও পাটজাত পণ্য রপ্তানি ৭ শতাংশ বেড়েছে।

ওষুধ রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ। হোম টেক্সটাইল পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশ।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি ১১ শতাংশ কমেছে। প্লাস্টিক পণ্য রপ্তানি কমেছে ১৮ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৭৫০ কোটি (৩৭ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে তিন হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ (৩৪ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ বেশি।