ঢাকায় আসছে কানাডার রাইড শেয়ারিং সেবা ‘রাইডহোস্ট’
মোটর বাইক, অটোরিকশা, কার ও মাইক্রোবাস নিয়ে এবার ঢাকায় যাত্রা শুরু করতে যাচ্ছে কানাডাভিত্তিক রাইড শেয়ারিং সেবা ‘রাইডহোস্ট’।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাইডহোস্ট বাংলাদেশ চ্যাপ্টারের এক সংবাদ সম্মেলনে নতুন এই সেবার বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাহী কর্মকর্তা অথৈ জয় শরীফ।
২০১৭ সালের জুনে কানাডায় যাত্রা শুরু করা ‘রাইডহোস্টের’ সেবা ঢাকায় যাত্রা শুরু করবে ৭ জুন।
যাত্রী ও চালকের জন্য ‘আর্থিকভাবে সাশ্রয়ী ও নিরাপদে’ চলাচলের প্রতিশ্রুতি নিয়ে এই অ্যাপটি সাজানো হয়েছে বলে জানান শরীফ। গুগল প্লে স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
অথৈ জয় শরীফ রাইডহোস্ট অ্যাপের ফিচারগুলো সম্পর্কে জানান, এই অ্যাপে রয়েছে ‘মাল্টিপল কল’ সুবিধা। কোনো গন্তব্যে যেতে একাধিক গাড়ির প্রয়োজন হলে তা পাওয়া যাবে এই বাটনে ক্লিক করলে।
তবে সর্বোচ্চ কতটা গাড়ি পাওয়া যেতে পারে এই বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি রাইডহোস্ট।
‘অ্যাড্রেস চেঞ্জ’ অপশনের মাধ্যমে কোনো যাত্রী তার পিক আপ পয়েন্ট পরিবর্তন করতে পারবেন, চাইলে পরিবর্তন করতে পারবেন তার গন্তব্যস্থল। গন্তব্যে যেতে সর্বোচ্চ তিন বার একজন যাত্রী যাত্রাবিরতি করতে পারবেন।
‘কল ওয়েটিং’ অপশনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর আগে চালক জানতে পারবেন, সেই গন্তব্যে অন্য কোনো যাত্রী রাইডহোস্ট রিকোয়েস্ট পাঠিয়েছেন কি না। এই অপশনে ডেসটিনেশন সেটিংসের মাধ্যমে চালক তার নিজের গন্তব্যস্থানও জানিয়ে দিতে পারবেন যাত্রীকে। সেক্ষেত্রে অতিরিক্ত পথ ভ্রমণ করতে হবে না চালককে।
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাইডহোস্ট সার্ভিসে রয়েছে ‘এসওএস সার্ভিস’ সুবিধা।
অথৈ জয় শরীফ বলেন, রাইডহোস্টের যেকোনো রাইডে সওয়ার হয়ে কোনো যাত্রী যদি অস্বস্তিবোধ করেন, তবে তার সুবিধার জন্য রয়েছে এই সার্ভিসটি। রাইডে অনিরাপদ বোধ করলে, চালক সম্পর্কে অভিযোগ জানাতে চাইলে, পথিমধ্যে কোথাও দুর্ঘটনা এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
এসওএস সার্ভিসে ক্লিক করলে বেজে উঠবে কন্ট্রোল রুমের অ্যালার্ম, স্বয়ংক্রিয় কল চলে যাবে পুলিশের জরুরি সেবার নম্বর ৯৯৯-এ।
যে কেউ নিবন্ধন করলেই রাইডহোস্ট-চালক হতে পারবেন না। গাড়ির লাইসেন্স, বডি ফিটনেস এসব পরীক্ষার পর রাইডহোস্ট-এর মাধ্যমে সেবা দিতে পারবেন চালকরা। চালককে সেবা শুরুর আগে যেতে হবে একটি ওরিয়েন্টেশন ক্লাসেও।
রাইডহোস্টের ফেয়ার প্রাইস ৩৫ টাকা, এরপর প্রতি কিলোমিটারে ১৬ টাকা, প্রতি মিনিটে কাটা হবে আড়াই টাকা।
প্রথম ৩০০টি নিবন্ধিত বাহনের চালককে লাইফটাইম ১০ শতাংশ কমিশন দেওয়ার ঘোষণা দিয়েছে রাইডহোস্ট। পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।
অথৈ জয় শরীফ বলেছেন, রাইড শেয়ারিং নীতিমালা মেনেই তারা সেবা পরিচালনা করবেন।
