২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রাণের আম সংগ্রহ শুরু

নাটোরের একডালায় প্রতিবছরের মতো এবারও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের বৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

প্রাণ-এর ম্যাংগো ড্রিংক, ম্যাংগো জুস, ম্যাংগো বার, জেলি, আচারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরিতে এসব আমের পাল্প ব্যবহার করে কোম্পানিটি।

সোমবার নাটোরের একডালায় প্রাণ এগ্রোর কারখানায় পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেন কোম্পানির শীর্ষ ব্যক্তিরা।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে আম সংগ্রহ কাজ শুরু হয়ে গেছে, চলতি মওসুমে যতদিন কৃষকের কাছে আম পাওয়া যাবে ততদিন ধরে আম সংগ্রহ করা হবে।

কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী বলেন, চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু হয়েছে। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর এবং সাতক্ষীরায় প্রাণ এর প্রায় ১৬ হাজার চুক্তিবদ্ধ আমচাষির কাছ থেকে এসব আম নেওয়া হচ্ছে। 

হযরত আলী বলেন, নাটোরে প্রাণ-এর কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠার কারণে কারখানায় সরাসরি প্রায় ৭ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আমের মৌসুমে বাড়তি আরও দুই থেকে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যার প্রায় ৯০ ভাগ নারী। এছাড়াও কারখানায় আমচাষী ও সরবরাহকারীদের প্রতিষ্ঠানে পরোক্ষ কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, “আমরা প্রাণ কৃষি হাবের মাধ্যমে চুক্তিবদ্ধ আমচাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করছি। স্বল্পমূল্যে উন্নতজাতের চারা প্রদান, সার, কীটনাশক ব্যবহার, রোপণ প্রক্রিয়া ও গাছ থেকে আম সংগ্রহ সম্পর্কে আমাদের অভিজ্ঞ ফিল্ড সুপারভাইজারদের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে কৃষকদের কাছে থেকে আমরা উন্নতমানের আম পাচ্ছি। অপরদিকে কৃষকরাও আম বিক্রয়ে পূর্ণ নিশ্চয়তা পাচ্ছে।”         

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পিআর) জিয়াউল হক ও প্রাণ এগ্রো লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) আব্দুল কাদের সরকারসহ কারখানার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।