২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাঞ্জাবি ছাড়া তো আসলে ঈদই হয় না’

ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো, পছন্দের পোশাক খুঁজতে চলছে দোকানে দোকানে ঘোরাঘুরি। সেই দলে আছেন তরুণ-যুবকরাও, ঈদে পছন্দের পোশাক সম্পর্কে জানিয়েছেন তারা।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 10:21 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

এদেরই একজন সুব্রত শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে পাঞ্জাবি কিনছিলেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঞ্জাবি ছাড়া তো আসলে ঈদই হয় না। তাই পাঞ্জাবি কিনেছি। আর বাইরে থেকে জিনস আর হাফ শার্ট কিনেছি।”

এবার ঈদ ফ্যাশনে ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবির পাশাপাশি ক্যাজুয়াল শার্ট এবং গ্যাভাডিন ও জিনসের প্যান্ট রয়েছে বলে ঢাকার বিভিন্ন বিপণিবিতার ও ফ্যাশন হাউজের বিক্রেতারা জানিয়েছেন।

তারা বলছেন, ফ্যাশন ও আরামের বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদে ছেলেরা পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্টকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আবার বিশ্বকাপ সামনে রেখে জার্সির বিক্রিও বেশ হচ্ছে।

ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভ’র মার্কেটিং ম্যানেজার আফরিনা হাবিব জানান, এবার ঈদে তারা বিভিন্ন মোটিফ, প্যাটার্ন ও প্রিন্টের সংমিশ্রণে পাঞ্জাবিগুলো ডিজাইন করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্টগুলোর চাহিদা বেশি। একই সাথে ফেস্টিভ ও গরমে আরামের বিষয়টি মাথায় রেখে সুতি, সিল্ক, মিক্সিং ফেব্রিকেও আমরা পাঞ্জাবিগুলো ডিজাইন করেছি। জিওমেট্রিক, ফ্লাওয়ার প্রিন্টগুলো ব্যবহার করেছি।

“রঙের দিক থেকে সাদার পাশাপাশি লাল, নীল, হলুদ ও সবুজ রঙকে আমরা প্রাধান্য দিয়েছি। ফুল স্লিভ ও হাফ স্লিভ ক্যাজুয়াল শার্ট, পেলো টি-শার্ট, ডেনিম, বার্মুডা শার্টগুলো রয়েছে। এর পাশাপাশি বয়স্কদের জন্য আমরা এথনিক স্টাইলের শার্ট করেছি।”

সর্বনিম্ন ১১৯০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকায় তাদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে বলে জানান আফরিনা।

ফ্যাশন হাউজ ‘কে ক্র্যাফটে’ সুতি ও সিল্কের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার টাকায়, আর ক্যাজুয়াল হাফ স্লিভ শার্টগুলো ক্রেতারা পাবেন ৬৫০ থেকে ৮৯৫ টাকায়।

সুতির পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্ট বেশি বিক্রি হচ্ছে বলে আজিজ সুপার মার্কেটের ‘কে ক্রাফট’র ব্যবস্থাপক মো. আলী জিন্নাহ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে গরমের কারণে ফরমাল শার্টের চেয়ে ক্যাজুয়ালটাই বেশি যাচ্ছে। আর ঈদের নামাজের জন্য পাঞ্জাবি কেনেন অধিকাংশই।”

অভিজাত বিপণিবিতান বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ফ্যাশন হাউজগুলোতেও ছেলেদের চাহিদার শীর্ষে রয়েছে পাঞ্জাবি।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফ্যাশন ব্র্যান্ড ‘জেন্টেল পার্ক’র শাখা ব্যবস্থাপক মো. রাজ্জাক জানান, ছেলেদের স্লিম ফিট পাঞ্জাবি ও পায়জামা সেট, ফুল স্লিভ ক্যাজুয়াল শার্ট, জিনস ও গ্যাভাডিন প্যান্ট বেশি বিক্রি হচ্ছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে সব সময়ই পাঞ্জাবির চাহিদা বেশি থাকে। পাঞ্জাবির পাশাপাশি ক্যাজুয়াল শার্ট বেশি কিনছেন কাস্টমাররা। তবে জার্সিও বিক্রি হচ্ছে এবার। পোলো শার্টের চেয়ে এবার জার্সি বিক্রি হচ্ছে বেশি।”

রাজ্জাক জানান, তাদের সাধারণ পাঞ্জাবির দাম রাখা হচ্ছে ২ হাজার ৯০ থেকে ২ হাজার ৪৯০ টাকা। আর কাজ করা পাঞ্জাবি বিক্রি হচ্ছে তিন থেকে ছয় হাজার টাকায়। 

জেন্টেল পার্কে ফুটবল বিশ্বকাপের বিভিন্ন দলের জার্সি পাওয়া যাচ্ছে ১১৯০ টাকায়। সেখানে এক হাজার ৯৯০ টাকা থেকে দুই হাজার ২৯০ টাকায় জিনস এবং এক হাজার ৮৯০ থেকে এক হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ছেলেদের গ্যাভাডিন প্যান্টগুলো।

এই শপিং মলের আরেকটি ফ্যাশন হাউজ থেকে নিজের ও আত্মীয়ের জন্য পাঞ্জাবি কিনছিলেন প্রাণ আরএফএল গ্রুপের কর্মকর্তা চিন্ময় মজুমদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালির যে কোনো উৎসবে পাঞ্জাবিটাই সবচেয়ে মানানসই। ছেলেরা ঈদে পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করে। তাই গিফটের জন্য পাঞ্জাবি কিনেছি।”

ফ্যাশন হাউজের বাইরে অন্যান্য দোকানগুলোতেও পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে বলে দোকানিরা জানিয়েছেন।

বসুন্ধরার ‘ফ্যাশন জোন’র ব্যবস্থাপক কাজী শফিকুল ইসলাম জানান, তাদের দোকানে ভারতীয় পাঞ্জাবিই বেশি।

দেশি পাঞ্জাবির চেয়ে এগুলোর ক্রেতা বেশি দাবি করে তিনি বলেন, “গরমে পরার জন্য আমরা কটনের পাঞ্জাবি এনেছি। আমাদের প্রতিটি প্রেডাক্টই ইন্ডিয়ান, তাই এগুলো ভালো বিক্রি হচ্ছে। দেশি প্রোডাক্ট মানুষ কিনে কম।”

দেড় হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি বিক্রি করছেন তারা।

যমুনা ফিউচার পার্কে আটটি ফ্যাশন হাউজের সমন্বয়ে রয়েছে ‘স্বদেশী’।সেখানেও ছেলেদের সুতির পাঞ্জাবি ও হাফ শার্টগুলোর চাহিদা বেশি বলে জানান ব্যবস্থাপক রাজু বনিক।

স্বদেশীর ফ্যাশন হাউজ ‘এম ক্রাফট’ থেকে পাঞ্জাবি ও শার্ট কিনেছেন একটি সিএ ফার্মের কর্মকর্তা রাশেখ উর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরমের কারণে লাইট কালারের পাঞ্জাবি কিনেছি। আর রেগুলার ইউজের জন্য বাবার জন্য সুতির হাফ শার্ট নিয়েছি। গরমে সুতিই বেশি কমফরটেবল।”

এছাড়াও বিভিন্ন বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতেও ছেলেদের পাঞ্জাবি, টি-শার্টও প্যান্ট বিক্রি হচ্ছে বেশি। কম দামে এসব পণ্য পেতে নিম্নবিত্তরা কিনছেন ফুটপাত থেকে।