২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে শিশুদের পছন্দ লং ফ্রক-গাউন, ছেলেদের পাঞ্জাবি-শার্ট

ঈদ এগিয়ে আসতে থাকায় কেনাকাটাও জমে উঠেছে। বড়দের পাশাপাশি নতুন পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছে শিশুরাও।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 08:34 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বাবা-মার হাত ধরে বিভিন্ন শপিং মল আর বিপণিবিতানগুলো তারা চষে ফিরছে পছন্দের ঈদ পোশাকের জন্য।

রাজধানীর নিউ মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে মেয়ে শিশুরা কিনছে ফ্রক, গাউন, ফ্লোর টাচ, লাসা ও লেহেঙ্গা আর ছেলেদের পছন্দে রয়েছে পাঞ্জাবি, কটি, শার্ট ও গেঞ্জি সেট।

পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ড্রিম ফ্যাশন হাউজ-২ এর বিক্রয়কর্মী মো. অয়ন জানান, মেয়ে শিশুরা ফ্রক, ফ্লোরটাচ ও ছেলে শিশুরা শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি বেশি কিনছে।

“একেবারে ছোট বাচ্চাদের জন্য বেশি নিচ্ছে পার্টি ফ্রকগুলো। আবার একটু বড় বাচ্চারা গাউন, ফ্লোর টাচগুলো নিচ্ছে। আর ছেলে বাচ্চারা পাঞ্জাবি-কটি সেটই বেশি নিচ্ছে। শার্ট-প্যান্টও বিক্রি হচ্ছে।”

অয়ন জানান, তারা লং পার্টি ফ্রক ও ফ্লোর টাচগুলো বিক্রি করছেন এক হাজার ৮৫০ টাকা থেকে সাড়ে চার হাজার টাকায়। এছাড়া এক থেকে ছয় বছর বয়সীদের শার্ট ও গেঞ্জি সেট বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৮৫০ টাকায়। ছেলে শিশুদের পাঞ্জাবি মিলছে ৮০০ থেকে তিন হাজার টাকায়।

এবার গরমের কথা মাথায় রেখে অনেক বাবা-মা আবার বাচ্চাদের কিনে দিচ্ছেন সুতির আরামদায়ক পোশাক।

আয়শা আলম তার দেড় বছরের মেয়ের জন্য কিনেছেন টিস্যুর পার্টি ফ্রক এবং সুতির ফ্রক ও স্কার্ট।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তো অনেক গরম পড়েছে। গরমে তো সারাদিন পার্টি ফ্রক পরে থাকতে পারবে না। তাই সুতির ফ্রক আর স্কার্ট কিনে দিয়েছি। সুতির কাপড়গুলো আরামদায়ক হবে।”

বিভিন্ন ফ্যাশন হাউজগুলোও ঈদে বাচ্চাদের জন্য তৈরি করেছে বিভিন্ন ডিজাইনের ফ্রক, সালোয়ার কামিজ, স্কার্ট, পাঞ্জাবি, ফতুয়া।

শিশুদর পোশাকের ব্র্যান্ড ‘বেবি শপ’ ঈদে এনেছে সুতি ও গেঞ্জি কাপড়ের স্লিভলেস ও হাফ হাতা ফ্রক, টপস, টি-শার্ট, শার্ট ও প্যান্ট।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ‘বেবি শপ’ এর বিক্রয়কর্মী ফয়সাল হোসেন বাবু জানান, শূন্য থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য স্লিভলেস ফ্রক ও শার্ট বেশি বিক্রি হচ্ছে। আর ৬/৭ বছরের বাচ্চারা কিনছে ফ্রক ও টপস। 

এছাড়া ছেলে শিশুদের জন্য ম্যাগি হাতার গেঞ্জিও ভালো বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

তিন বছরের কম বয়সী শিশুরা বাবা-মার পছন্দ অনুযায়ী পোশাক কিনলেও একটু বড় শিশুরা নিজেদের পছন্দের নকশা ও রঙের পোশাকগুলো কিনছে।

নিউ মার্কেট, মিরপুর ও যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকানে মেয়ে শিশুদের জন্য লং ফ্রক, লাসা, গাউন ও ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি সেট, শার্ট-প্যান্ট বিক্রি হচ্ছে।

নিউ মার্কেটে বাবা-মার সাথে কেনাকাটা করতে আসা ছয় বছর বয়সী তানিশাকে তার মা ফ্রক কিনে দিতে চাইলেও তার বায়না লাসা কেনার জন্য।

তানিশার মা রহিমা বলেন, “ওর এক আপুকে দেখছে লাসা কিনতে তাই সেও কিনবে। ফ্রকটা আমার পছন্দ হয়েছে। কিন্তু সে কিনবে না। জেদ করছে।”

মার সাথে ঈদের কেনাকাটা করতে এসেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আহনাফ।

“পছন্দ করে কিনব বলে এসেছি। আম্মু কিনলে যদি পছন্দ না হয়, তাই,” আহনাফের চটপটে উত্তর।

মিরপুরের রঙধনু শপিং কমপ্লেক্সের শিশুদের পোশাকের দোকান ‘টুকটুকি’র ব্যবস্থাপক মৌ জানান, মেয়ে শিশুদের ফ্রক, গাউন, লাসা ও লং স্টাইলের পোশাক বেশি বিক্রি হচ্ছে।

“যেসব বাচ্চারা বুঝতে পারে না, তাদেরকে অভিভাবকরাই পছন্দ করে পোশাক, যেমন পার্টি ফ্রক কিনে দিচ্ছে। কিন্তু একটু বড় বাচ্চারা ঠিকই ট্রেন্ড অনুযায়ী নেট ও টিস্যু গাউন, ফ্লোর টাচ কিনছে। ফ্যাশনের দিক দিয়ে ওরা পিছিয়ে নেই।”

যমুনা ফিউচার পার্কের পোশাকের ব্র্যান্ড ‘ব্র্যান্ড কিউ’ এর শপ ইনচার্জ ফারহান জানান, ছেলে শিশুরা পোলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি-কটি বেশি কিনছে। আর মেয়ে শিশুরা লেহেঙ্গা, লং ফ্রক, স্কার্ট কিনছে।

তিনি বলেন, “বাচ্চাদের জন্য অধিকাংশই গর্জিয়াস ড্রেস নিচ্ছে। কাজ করা লেহেঙ্গা, গাউনগুলো বেশি কিনছে বাচ্চারা।”

তবে বাচ্চাদের পোশাকের দাম বেশি নেওয়া হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ।

বনশ্রীর বাসিন্দা দিলারা বেগম তার নয় বছর বয়সী মেয়েকে দেখিয়ে বলেন, “এতটুকু বাচ্চার ড্রেসের দাম চাচ্ছে বড়দের মতো। একটা লেহেঙ্গা চাচ্ছে সাড়ে ছয় হাজার টাকা। ছোট বাচ্চার কি বড়দের মতো কাপড় লাগে, যে এত দাম নেবে?”