২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিটগিস্ট: ট্রিপলওশপ’ শীর্ষক কর্মসূচি

‘লেটস বিল্ড দ্য নেক্সট বিগ স্টার্টআপ’ প্রতিপাদ্য নিয়ে ‘জিটগিস্ট: ট্রিপলওশপ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে গ্রামীণফোনের ডিজিটাল উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘হোয়াইট বোর্ড, জার্মান দূতাবাস ও বেটার স্টোরিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 08:58 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে নতুন মাত্রা দিতে সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

‘জিটগিস্ট ডট ট্রিপলও’ উদ্যোগে পলিটেকনিক, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কৃষি ও ব্যবসায় খাত থেকে শীর্ষ মেধাবীরা জড়ো হন ১০টি নতুন স্টার্টআপের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) এবং প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগদানের জন্য।

এ কর্মসূচিতে সর্বমোট ২১টি দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে এবং বাংলাদেশ ও জার্মানির স্টার্টআপ ইনোভেশন বিশেষজ্ঞদের সামনে নিজেদের ধারণা উপস্থাপন করে।

‘ট্রিপলওশপ’ শেষে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি পরবর্তী পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে পরবর্তী পর্ব ‘ট্রিপলও পিচ’- এ যাওয়ার টিকেট তুলে দেন।

নির্বাচিত ১০টি দল হলো- গ্রিন ফার্মার, কোড বেজ, মেড এইড, ড্রিম হাই, সেলস ডেক, স্টাডি বাডি, পৌঁছাও, ট্যাক্সটো ও ভিলেজ ফ্যাক্টরি।

মাইকেল ফোলি বলেন, “দেশের তরুণরা আমাদের সময়ের বড় কিছু সমস্যা সমাধানে কাজ করছে এবং গ্রামীণফোন সবময়ই তাদের পাশে রয়েছে। আমরা সিটিও ও সিএমওদের শীর্ষ দশকে দেখতে চাই, যারা নতুন ১০টি স্টার্টআপ গড়ে তুলবে।” 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল সোলথাইস, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনও বক্তব্য দেন।