ফ্লাইট ও হোটেল ভাড়াসহ ৯৭৭৭ টাকায় নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ
ফ্লাইট ও হোটেল ভাড়াসহ ৯ হাজার ৭৭৭ টাকায় দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ভ্রমণ পিপাসুরা মাসিক কিস্তিতেও প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। এ অফারটি চলবে ১০ জুন পর্যন্ত।
এই প্যাকেজের মাধ্যমে রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, সিগাল হোটেল, হোটেল কক্স টুডে, উইন্ডি ট্যারেস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকার সুবিধা রয়েছে।
এছাড়াও ১৬ হাজার ৮৮৮ টাকায় ফ্লাইট ভাড়া ও পাঁচ তারকা হোটেলে থাকাসহ দুই রাত তিন দিনের কলকাতা ভ্রমণের প্যাকেজও রয়েছে নভোএয়ারের।
