স্যাটেলাইট উৎক্ষেপণে এফবিসিসিআইয়ের অভিনন্দন
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে সফল উৎক্ষেপণের জন্য সরকার ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
রোববার বাণিজ্যিক সংঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমের এ দীর্ঘ ও দায়িত্বপূর্ণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ঐতিহাসিক ও যুগান্তকারী এ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।
“যোগাযোগ স্যাটেলাইট স্থাপনে দক্ষিণ এশিয়ায় ৪র্থ এবং বিশ্বে ৫৭তম মর্যাদাবান দেশ হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। স্যাটেলাইট স্থাপনের কৌশলগত অংশীদার দেশ রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবদানও এক্ষেত্রে অনস্বীকার্য ।”
শনিবার যুক্তরাষ্ট্রের সমুদ্র তীরবর্তী ফ্লোরিডা রাজ্যের কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপন করা হয় বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। উড্ডয়নের আট মিনিটের মাথায় সফলভাবে মহাশূন্যে ছেড়ে দিয়ে ভূমিতে ফিরে আসে স্যাটেলাইনবহনকারী স্পেসএক্সের রকেট ফ্যালকন-৯।
