তমাল কান্তি নন্দী বিটিসিএলের নতুন এমডি
তমাল কান্তি নন্দী বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন।
এর আগে তিনি বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষন ও চালনা) ছিলেন।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৬ সালের নভেম্বর থেকে দুই বছরের চুক্তিতে থাকা বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদের চুক্তি গত ৭ মে বাতিল করে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
তমাল কান্তি নন্দী ১৯৮২ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগ দেন।
পরবর্তীতে পদোন্নতি পেয়ে বিটিটিবি বা বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক, প্রধান কর্মাধ্যক্ষ এবং সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
