২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আসছে ভিসার নতুন প্রযুক্তির কার্ড

স্বাক্ষর বা পিন নম্বর ছাড়াই ব্যবহার করা যায়, বাংলাদেশে এমন নতুন প্রযুক্তির কার্ড দেশে নিয়ে আসছে ভিসা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 07:40 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সংবাদ  সম্মেলনে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা এ তথ্য জানায়।

দক্ষিণ এশিয়া ও ভারতের গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামচন্দ্র বলেন, “আমরা ৩০ বছর ধরে বাংলাদেশে কাজ করছি, পেমেন্ট প্রযুক্তিতে নতুনত্ব আনতে আমরা বাংলাদেশের বাজারে নিয়ে আসছি দুটি নতুন ধরনের কার্ড।

“আমরা এবার কন্ট্যাক্টলেস কার্ড আনছি, যার মাধ্যমে ব্যাবহারকারীরা তাদের কার্ড কন্ট্যাক্টলেস রিডারের কাছাকাছি ধরলে মুহূর্তে পেমেন্ট সম্পন্ন হয়ে যায়। এ ক্ষত্রে ব্যাবহারকারীর স্বাক্ষর কিংবা পিন নম্বর প্রয়োজন পড়বে না।”

এ ধরনের কার্ড আসার পর ব্যবহারকারীর সংখ্যা আরো বেড়ে যাবে মনে করেন রামচন্দ্র।

“আমরা ২০টি ব্যাংকের সাথে কথা বলেছি, এর মধ্যে কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছে।  খুব দ্রুত হয়ত কয়েকটি ব্যাংক এই সেবা চালু করবে।”

“এর সাথে আমরা আরেকটি নতুন সেবা নিয়ে আসছি কিউআরভিত্তিক পেমেন্ট সল্যুশন, যা সেপ্টেম্বরের মধ্যে দেশের বাজারে আসবে।”

বর্তমানে ভিসা ৪৭টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক ব্যাংকে এবং ৩০ হাজার মার্চেন্টের সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ডভিত্তিক সেবা দিচ্ছে।