২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে এলো লাফার্জ হোলসিমের বিশেষ সিমেন্ট

স্থাপনা নির্মাণে কম খরচে গুনগত মানসম্পন্ন বিশেষ সিমেন্ট ‘প্লাস্টারক্রিট’ বাজারে নিয়ে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 03:29 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

বুধবার ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে নতুন এই সিমেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্লাস্টারক্রিট ব্র্যান্ডের এই বিশেষায়িত সিমেন্ট আপাতত শুধু কর্পোরেট গ্রাহকরা কিনতে পারবেন বলে অনুষ্ঠানে জানান কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা।

তিনি বলেন, “প্লাস্টারক্রিটের মাধ্যমে প্লাস্টার অনেক বেশি মসৃণ হবে, যা এই কাজটাকে অনেক বেশি সহজ করবে। এই পণ্যের ব্যবহারে স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং ক্র্যাক কম হবে, যার ফলে মেরামত প্রয়োজন হবে না।

“কম সিমেন্টে অধিক জায়গার কাজ সম্পন্ন করা যাবে এই সিমেন্ট ব্যবহারে।”

প্লাস্টারক্রিট ছাড়াও বাজারে কোম্পানির হোলসিম স্ট্রং স্ট্রাকচার, সুপারক্রিট, হোলসিম গ্রে ও হোলসিম রেড নামে চার ধরনের সিমেন্ট আছে।

সুরানা বলেন, “উৎপাদন খরচের তুলনায় কম দামেই গ্রাহকরা নতুন এই সিমেন্ট কিনতে পারবেন। তবে এখনও দাম নির্ধারণ করা হয়নি।”

উদ্বোধনী অনুষ্ঠানে লাফার্জ হোলসিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।